জেলার সংবাদ

বরিশালে পুকুরে ডুবে দেড় বছরের শিশুর মৃত্যু

বরিশাল প্রতিনিধি

ডিবিসি নিউজ

৫ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

বরিশালের হিজলা উপজেলায় পুকুরের পানিতে ডুবে মো. মুরছালিন নামের দেড় বছর বয়সী এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুক্রবার (৭ আগস্ট) ভোরে উপজেলার গুয়াবাড়িয়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের গুয়াবাড়িয়া গ্রামে এই হৃদয়বিদারক দুর্ঘটনা ঘটে। নিহত মুরছালিন ওই গ্রামের প্রবাসী মো. জুবায়েরের ছেলে।

পারিবারিক সূত্রে জানা যায়, শুক্রবার ভোরে শিশুটির নানা বাজারের উদ্দেশে বাড়ি থেকে বের হন এবং নানি কোরআন তেলাওয়াতে মগ্ন ছিলেন। সে সময় মুরছালিনের মা ঘুমিয়ে ছিলেন। সবার অগোচরে শিশুটি একাই বাইরে চলে যায়। পরে মা ঘুম থেকে জেগে সন্তানকে পাশে দেখতে না পেয়ে উদবিগ্ন হয়ে পড়েন এবং পরিবারের অন্যান্য সদস্যদের নিয়ে খোঁজাখুঁজি শুরু করেন।

 

কোথাও না পেয়ে একপর্যায়ে বাড়ির পাশের পুকুরে শিশুটিকে ভাসমান অবস্থায় দেখতে পান স্বজনেরা। তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে হিজলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। তবে হাসপাতালে পৌঁছানোর পর সেখানকার কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে শিশুটিকে মৃত ঘোষণা করেন।

 

এই ঘটনায় পরিবার ও ওই এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে। শিশুটির খালু মো. মোস্তফা কামাল জানান, এটি নিছকই একটি দুর্ঘটনা এবং এ বিষয়ে পরিবারের পক্ষ থেকে কারও বিরুদ্ধে কোনো ধরনের অভিযোগ নেই।

 

খবর পেয়ে হিজলা থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। হিজলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোলায়মান জানান, পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহের প্রাথমিক সুরতহাল প্রতিবেদন সম্পন্ন করেছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর (ইউডি) মামলা রেকর্ড করা হয়েছে। পরিবারের কোনো অভিযোগ না থাকায় প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে মরদেহ বিনা ময়না তদন্তে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

 

ডিবিসি/পিআরএএন

আরও পড়ুন