বরিশালের গৌরনদী পৌরসভার কাসেমাবাদ-গেরাকুল গ্রামের সীমান্তবর্তী এলাকার বাসিন্দা আনোয়ার হোসেন বেপারীর বসতঘরে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। সোমবার (১৭ আগস্ট) দিবাগত রাত সাড়ে তিনটার দিকে এ ঘটনা ঘটে।
কাসেমাবাদ গ্রামের বাসিন্দা ও গৌরনদীর আল-হেলাল একাডেমির শিক্ষক আনোয়ার হোসেন বলেন, ‘সোমবার (১৭ আগস্ট) দিবাগত রাত আনুমানিক সাড়ে তিনটার দিকে ৫-৬ জনের একটি সশস্ত্র ডাকাত দল বসতঘরের দরজা ভেঙে ঘরে প্রবেশ করে। একপর্যায়ে আমাকে এবং আমার ছেলেকে ধারালো অস্ত্রের মুখে জিম্মি করে বেঁধে ফেলে। পরবর্তীতে তারা বসতঘর থেকে স্বর্ণালংকার, নগদ টাকা ও মোবাইল ফোনসহ মূল্যবান মালামাল লুট করে নেয়। তবে ডাকাতরা মোবাইল ফোন নিয়ে গেলেও সিম খুলে রেখে গেছে।’
এ ঘটনায় মঙ্গলবার (১৮ আগস্ট) গৌরনদী মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। গৌরনদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তারিক হাসান রাসেল জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
ডিবিসি/ এসভিএন