বরিশালের গৌরনদীতে ঢাকা-বরিশাল মহাসড়কে বেপরোয়া গতির যাত্রীবাহী বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী একই পরিবারের তিনজন নিহত হয়েছেন। আজ ঙ্গলবার (২৬ মে) দুপুরে মহাসড়কের বাটাজোর এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন উজিরপুর উপজেলা সদরের আব্দুল হাকিমের ছেলে ফিরোজ মাহমুদ (৩৭), তার স্ত্রী মনিরা বেগম এবং তাদের শিশু কন্যা জান্নাত। গৌরনদী ফায়ার সার্ভিস স্টেশন অফিসার মিজানুর রহমান জানান, ফিরোজ মাহমুদ তার স্ত্রী ও সন্তানকে নিয়ে মোটরসাইকেলে করে উজিরপুরের উদ্দেশ্যে যাচ্ছিলেন।
পথিমধ্যে যানজটের কারণে বাটাজোর বাসস্ট্যান্ডে তারা মোটরসাইকেলটি থামিয়ে রাখেন। এসময় ঢাকা থেকে ছেড়ে আসা তাজ পরিবহনের বরিশালগামী একটি বাস পেছন থেকে তাদের মোটরসাইকেলটিকে সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তিনজন প্রাণ হারান।
এই ঘটনার পরপরই স্থানীয় বিক্ষুব্ধ জনতা বাসটিতে ভাঙচুর চালায়। তবে এসময় বাসের চালক ও হেলপার কৌশলে পালিয়ে যেতে সক্ষম হন। দুর্ঘটনার জেরে মহাসড়কে প্রায় দেড় ঘণ্টা যান চলাচল বন্ধ থাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়।
গৌরনদী হাইওয়ে থানার ওসি মহসীন জানান, দুর্ঘটনা কবলিত বাসটি জব্দ করা হয়েছে। মহাসড়কে যানজট নিরসনের চেষ্টা চলছে। পলাতক চালক ও হেলপারকে আটকে পুলিশের অভিযান চলছে।
ডিবিসি/টিবিএ