বরিশালের বাবুগঞ্জ উপজেলায় নিজ বাড়ির আঙিনায় অবৈধভাবে গাঁজা চাষের অভিযোগে জামাল বেপারী নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (১৪ এপ্রিল) সন্ধ্যায় উপজেলার চাঁদপাশা ইউনিয়নের আরজি কালিকাপুর গ্রামে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, জামাল বেপারী দীর্ঘদিন ধরে তার বাড়ির আঙিনায় লোকচক্ষুর অন্তরালে গাঁজা চাষ করে আসছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ নিশ্চিত হয় যে, আরজি কালিকাপুর গ্রামের ওই বাড়িতে অবৈধ মাদক উৎপাদন করা হচ্ছে। এরই প্রেক্ষিতে মঙ্গলবার সন্ধ্যায় পুলিশ সেখানে ঝটিকা অভিযান চালায়।
অভিযানকালে জামালের বাড়ির আঙিনা থেকে বেড়ে ওঠা গাঁজা গাছ উদ্ধার করা হয়। এ সময় চাষের সঙ্গে সরাসরি জড়িত থাকার অভিযোগে জামাল বেপারীকে হাতেনাতে গ্রেপ্তার করে পুলিশ।
বাবুগঞ্জ থানা পুলিশ জানায়, আটককৃত জামালের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। মাদকের বিরুদ্ধে এমন অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে।
ডিবিসি/এসএফএল