বরিশালের উজিরপুরে ঢাকা-বরিশাল মহাসড়কে হানিফ পরিবহনের একটি যাত্রীবাহী বাসের চাপায় দাদি ও নাতনি নিহত হয়েছেন। মঙ্গলবার (৫ মে) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার পশ্চিম জয়শ্রী কাজীবাড়ি এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- উপজেলার পশ্চিম জয়শ্রী গ্রামের মৃত পান্নু কাজীর স্ত্রী রোকসানা ইয়াসমিন (৬৫) ও তার সাত বছর বয়সী নাতনি আরফা।
স্থানীয় ও হাইওয়ে পুলিশ সূত্রে জানা গেছে, দুপুরে বরিশাল থেকে ঢাকাগামী হানিফ পরিবহনের একটি দ্রুতগতির বাস নিয়ন্ত্রণ হারিয়ে পথচারী দাদি ও নাতনিকে সজোরে ধাক্কা দেয়। বাসের ধাক্কায় তারা সড়কের ওপর ছিটকে পড়লে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়। দুর্ঘটনার পরপরই চালক বাসটি নিয়ে দ্রুত পালিয়ে যায়। প্রিয়জনদের এমন আকস্মিক মৃত্যুতে পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
গৌরনদী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহসীন হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘাতক বাসটি শনাক্ত ও চালককে আটক করার জন্য পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। বর্তমানে ওই এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
ডিবিসি/পিআরএএন