জেলার সংবাদ

বরিশালে বোমা সদৃশ বস্তুর বিস্ফোরণে একই পরিবারে দগ্ধ ৩

বরিশাল ব্যুর

ডিবিসি নিউজ

সোমবার ৩রা আগস্ট ২০২৬ ০১:৫৮:০৭ অপরাহ্ন
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

বরিশালের বাকেরগঞ্জ উপজেলায় বালুর বস্তায় লুকিয়ে রাখা বোমা সদৃশ বস্তুর বিস্ফোরণে নারী ও শিশুসহ তিনজন গুরুতর দগ্ধ হয়েছেন। আজ সোমবার (৩ আগস্ট) সকাল ছয়টার দিকে উপজেলার ভরপাশা ইউনিয়নের দুধলমৌ গ্রামে এই মর্মান্তিক ঘটনা ঘটে।

এই ঘটনায় দগ্ধরা হলেন- স্থানীয় শাহ আলম হাওলাদারের স্ত্রী হনুফা বেগম, তাঁর মেয়ে ইতি এবং নাতি ফাহিম। বিস্ফোরণের পর শরীরে আগুন ধরে গেলে প্রাণ বাঁচাতে তাঁরা দৌড়ে গিয়ে বাড়ির সামনের তুলাতলা নদীতে ঝাঁপ দেন। পরবর্তীতে স্থানীয় লোকজন তাঁদের উদ্ধার করে প্রথমে বাকেরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাঁদের বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

 

শাহ আলম হাওলাদারের ছেলে জামাল জানান, বাড়ির পাশে রাখা একটি বালুভর্তি বস্তার ভেতর থেকে হঠাৎ বিকট শব্দে এই বিস্ফোরণ ঘটে। এতে কাছাকাছি থাকা তাঁর মা, বোন ও ভাগ্নের শরীরে আগুন ধরে যায়। তবে ওই বালুর বস্তার ভেতর বোমাটি কীভাবে বা কোথা থেকে এল, সে বিষয়ে পরিবারের সদস্যদের কোনো ধারণা নেই বলে তিনি দাবি করেছেন।


বিস্ফোরণের বিকট শব্দে পুরো এলাকায় ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আলামত সংগ্রহ করে এবং আনুষ্ঠানিক তদন্ত কার্যক্রম শুরু করে। বাকেরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আদিল হোসেন জানিয়েছেন, বিষয়টিকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। ঠিক কী ধরনের বিস্ফোরক এখানে ব্যবহৃত হয়েছে এবং এই ঘটনার নেপথ্যে কারা জড়িত, তা বিস্তারিত তদন্ত শেষে নিশ্চিত হওয়া যাবে। প্রকৃত অপরাধীদের শনাক্ত করতে পুলিশের কার্যক্রম অব্যাহত রয়েছে।

 

ডিবিসি/পিআরএএন

আরও পড়ুন