জেলার সংবাদ

বরিশালে বোমা সদৃশ বস্তুর বিস্ফোরণে দগ্ধ হনুফার ৯ দিন পর মৃত্যু

বরিশাল ব্যুরো

ডিবিসি নিউজ

৮ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

বরিশালের বাকেরগঞ্জে বিস্ফোরণে গুরুতর দগ্ধ হনুফা বেগম (৫০) মারা গেছেন। আজ বুধবার (১২ আগস্ট) বিকেল ৪টার দিকে ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। বিস্ফোরণের পর ৯ দিন মৃত্যুর সঙ্গে লড়াই করে মারা গেলেন তিনি।

গত ৩ আগস্ট সকালে উপজেলার ভরপাশা ইউনিয়নের দুধলমৌ গ্রামের শাহ আলম হাওলাদারের বাড়িতে বিকট শব্দে বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে শাহ আলমের স্ত্রী হনুফা বেগম, তাঁর মেয়ে ইতি ও পঞ্চম শ্রেণির শিক্ষার্থী নাতি ফাহিম দগ্ধ হয়ে গুরুতর আহত হয়।


স্থানীয় লোকজন আহত ৩ জনকে উদ্ধার করে বাকেরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। অবস্থার অবনতি হলে তাঁদের বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য জেলা ও বিভাগীয় প্রশাসনের উদ্যোগে তাঁদের ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠানো হয়।


হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় হনুফা বেগমের মেয়ে ইতি ও নাতি ফাহিম সুস্থ হয়ে ওঠে। তবে গুরুতর দগ্ধ হনুফা বেগমের শারীরিক অবস্থার অবনতি হতে থাকে। শেষ পর্যন্ত আজ বিকেলে তিনি মারা যান।


বরিশাল জেলা প্রশাসক মামুন খন্দকার বলেন, হনুফা বেগমের জামাতা সুজনের কাছ থেকে তার মৃত্যুর খবর পাওয়া গেছে। আহতদের চিকিৎসার সব খরচ জেলা ও বিভাগীয় প্রশাসনের পক্ষ থেকে বহন করা হবে। হনুফা বেগমের মরদেহ ঢাকা থেকে বরিশালে ফিরিয়ে আনার খরচও প্রশাসন বহন করবে।


বরিশাল বিভাগীয় কমিশনার খলিল আহম্মেদ বলেন, ‘হনুফা বেগমের মৃত্যুর খবরে আমরা সত্যিই মর্মাহত ও ব্যথিত। তাঁদের শারীরিক অবস্থার অবনতি দেখে দ্রুত উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানোর ব্যবস্থা করা হয়েছিল। অন্য দুজন সুস্থ হয়ে উঠলেও হনুফা বেগমকে বাঁচানো গেল না।’


তিনি আরও বলেন, আহতদের চিকিৎসার ব্যয়ভার বিভাগীয় প্রশাসন বহন করবে।


বিস্ফোরণের কারণ সম্পর্কে তাৎক্ষণিকভাবে বিস্তারিত জানা যায়নি। ঘটনার পর থেকে স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ও শোক বিরাজ করছে।


ডিবিসি/ এসভিএন

আরও পড়ুন