বরিশালের মুলাদী উপজেলায় এক ব্যবসায়ীকে মারধর করে ৪ লাখ ৭৫ হাজার টাকা ছিনতাইয়ের অভিযোগ পাওয়া গেছে। গত মঙ্গলবার ভোর সাড়ে ৪টার দিকে উপজেলার গাছুয়া ইউনিয়নের ডুমুরীতলা লঞ্চঘাট এলাকায় এই ঘটনা ঘটে। আহত ব্যবসায়ীর নাম শিপন কাজী (৩৫), যিনি ঢাকার অটোরিকশা যন্ত্রাংশের ব্যবসায়ী এবং মুলাদীর চরগাছুয়া গ্রামের মৃত জালাল কাজীর ছেলে।
ভুক্তভোগী শিপন কাজী জানান, সোমবার রাতে ঢাকা থেকে লঞ্চযোগে রওনা হয়ে মঙ্গলবার ভোরে তিনি ডুমুরীতলা ঘাটে নামেন। ঘাট থেকে বাড়ির উদ্দেশ্যে কিছু দূর যাওয়ার পর ৫-৬ জন দুর্বৃত্ত তার পথরোধ করে। হামলাকারীরা তাকে মারধর করে সাথে থাকা নগদ টাকা ছিনিয়ে নেয় এবং কিছু সময় আটকে রাখে।
পরবর্তীতে বিষয়টি স্বজনদের জানিয়ে জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন দিলে পুলিশ এসে তাকে উদ্ধার করে। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে ছিনতাইকারীরা দ্রুত পালিয়ে যায়।
মুলাদী থানার এএসআই মো. আনিছ জানান, খবর পাওয়ার পর ঘটনাস্থল থেকে আহত অবস্থায় শিপন কাজীকে উদ্ধার করে রাতেই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তবে এই ঘটনায় এখন পর্যন্ত কাউকে আটক করা সম্ভব হয়নি।
মুলাদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরাফাত জাহান চৌধুরী জানিয়েছেন, মারধর ও ছিনতাইয়ের ঘটনায় একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে দ্রুত প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
ডিবিসি/আরএসএল