বরিশাল নগরের নতুন বাজার এলাকায় একটি ময়লার স্তূপ থেকে এক ছেলে ও এক মেয়ে দুই নবজাতকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল রাত আনুমানিক ১১টার দিকে নতুন বাজার ফরেস্ট অফিসের সামনের ডাস্টবিনে পরিচ্ছন্নতাকর্মীরা বর্জ্য অপসারণের কাজ করছিলেন। এ সময় ময়লার ভেতর নবজাতক দুটিকে পড়ে থাকতে দেখে তারা দ্রুত পুলিশে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ দুটি উদ্ধার করে।
কে বা কারা ওই নবজাতক দুটিকে সেখানে ফেলে গেছে, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত করা যায়নি। এ ঘটনায় জড়িত অপরাধীদের শনাক্ত ও আইনের আওতায় আনতে ইতোমধ্যে তদন্ত শুরু করেছে সংশ্লিষ্ট থানা পুলিশ। মরদেহ দুটি ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।
ডিবিসি/হাদী