জেলার সংবাদ

বরিশালে সাউন্ড সিস্টেমের ভাড়াকে কেন্দ্র করে বিয়ে বাড়িতে সংঘর্ষ, আহত ৫

বরিশাল ব্যুরো

ডিবিসি নিউজ

১ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

বরিশালের বাকেরগঞ্জে সাউন্ড বক্সের ভাড়াকে কেন্দ্র করে একটি বিয়ে বাড়িতে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে নারীসহ অন্তত ৫ জন আহত হয়েছেন।

শুক্রবার সন্ধ্যা ৬টার দিকে উপজেলার নিয়ামতি ইউনিয়নের পূর্ব কৃষ্ণনগর গ্রামে জাহাঙ্গীর খন্দকারের বাড়িতে এই ঘটনা ঘটে।

 

আহতরা হলেন- রাজিব হোসেন (২৬), ইউসুফ খন্দকার (৪৫), মনির খন্দকার (২৩), হোসনেয়ারা বেগম (৩৫) ও হাফিজুল (৩৯)। এই ঘটনায় থানায় মামলা দায়েরের পর আজ শনিবার (১৮ এপ্রিল) পুলিশ অভিযান চালিয়ে মোঃ রায়হান (১৮) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে।

 

মামলা সূত্রে জানা গেছে, শুক্রবার বিকেলে জাহাঙ্গীর খন্দকারের মেয়ের বিয়ের অনুষ্ঠান শেষে মেহমানদের বিদায় দিচ্ছিলেন পরিবারের সদস্যরা। সাউন্ড বক্সের অতিরিক্ত ভাড়া দাবি করা নিয়ে একই গ্রামের আব্দুর রব মৃধার ছেলে মোঃ রানা মৃধার সাথে জাহাঙ্গীর খন্দকারের বাকবিতণ্ডা হয়। এর জেরে সন্ধ্যা ৬টার দিকে রানা মৃধা ও তামিম মৃধার নেতৃত্বে ১৫-২০ জনের একটি দল দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে বাড়িতে ঢুকে অতর্কিত হামলা চালায়। হামলাকারীরা জাহাঙ্গীর খন্দকারকে মারধর শুরু করলে পরিবারের সদস্যরা বাধা দিতে আসেন। এসময় হামলাকারীরা রামদা ও লাঠিসোটা দিয়ে কুপিয়ে ও পিটিয়ে ৫ জনকে জখম করে এবং বিয়ে বাড়ির আসবাবপত্র ভাঙচুর করে ব্যাপক ক্ষয়ক্ষতি সাধন করে।

 

বাকেরগঞ্জ থানার ওসি খন্দকার কে এম সোহেল রানা জানান, বিয়ে বাড়িতে হামলা ও আহতের ঘটনায় মামলা নথিভুক্ত করা হয়েছে। পুলিশ অভিযান চালিয়ে ইতিমধ্যে রায়হান নামের একজনকে গ্রেপ্তার করেছে। ঘটনার সাথে জড়িত অন্যান্য আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

 

ডিবিসি/আরএসএল

আরও পড়ুন