বাংলাদেশ, জেলার সংবাদ

বরিশালে সাত শিয়াল হত্যার ঘটনায় ১০ জনের বিরুদ্ধে মামলা নিতে আদালতের নির্দেশ

বরিশাল অফিস

ডিবিসি নিউজ

৫ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

বরিশাল নগরীতে হাঁস-মুরগি ও ছাগল খেয়ে ফেলার অভিযোগে সাতটি শিয়াল হত্যার ঘটনায় মামলা গ্রহণের জন্য পুলিশকে নির্দেশ দিয়েছেন আদালত।

সোমবার (২০ জুলাই) বরিশালের মহানগর বিচারিক হাকিম মিরাজুল ইসলাম রাসেল এ আদেশ দেন। মঙ্গলবার আদালতের বেঞ্চ সহকারী মো. সেলিম বিষয়টি নিশ্চিত করেছেন।

 

মামলায় নগরীর ২৬ নম্বর ওয়ার্ডের বাসিন্দা নুরুল ইসলাম, মোহাম্মদ হারিস, মো. কামাল খলিফা ও জামাল খলিফার নাম উল্লেখ করে এবং আরও ছয়জনকে অজ্ঞাতনামা দেখিয়ে মোট ১০ জনকে আসামি করা হয়েছে। তাদের বিরুদ্ধে বেআইনিভাবে বন্যপ্রাণী হত্যার অভিযোগ আনা হয়েছে।

 

আদালত সূত্রে জানা যায়, গত ১২ জুলাই বরিশাল সদর রেঞ্জ কর্মকর্তা আরিফুর রহমান বাদী হয়ে মুখ্য মহানগর বিচারিক হাকিম আদালতে একটি নালিশী অভিযোগ দায়ের করেন। অভিযোগে বলা হয়, গত ৮ জুলাই নগরীর ২৬ নম্বর ওয়ার্ডের ময়দানের খোলা এলাকায় সাতটি শিয়াল হত্যা করে সেগুলোর মাংস ভাগাভাগি ও খাওয়ার বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে বন বিভাগের কর্মকর্তারা ঘটনাস্থলে গিয়ে টেঁটা দিয়ে শিয়াল হত্যা, রক্তের দাগ এবং আগুনে পোড়ানোর আলামত দেখতে পান। তবে অভিযুক্তরা আত্মগোপনে থাকায় তাৎক্ষণিকভাবে কাউকে আটক করা সম্ভব হয়নি।

 

পরবর্তীতে মুখ্য মহানগর বিচারিক হাকিম মো. জহির উদ্দিন অভিযোগটি শুনানির জন্য মহানগর বিচারিক হাকিম আদালতে পাঠান। শুনানি শেষে আদালত অভিযোগটি এজাহার হিসেবে গ্রহণ করে কোতোয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) মামলা রুজুর নির্দেশ দেন। একই সঙ্গে ঘটনাটি তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশও দেওয়া হয়েছে।

 

মামলার বাদী ও বরিশাল সদর রেঞ্জ কর্মকর্তা আরিফুর রহমান জানান, ঘটনার পর বিভাগীয় বন কর্মকর্তার নির্দেশে তদন্ত করা হয়। তদন্তে যাদের সম্পৃক্ততা পাওয়া গেছে, তাদের বিরুদ্ধেই মামলা করা হয়েছে।

 

ডিবিসি/আরএসএল

আরও পড়ুন