বরিশালের গৌরনদী উপজেলায় একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে খাদে পড়ে একজন নিহত হয়েছেন। এই দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও অন্তত ৩ জন। আজ রবিবার (২৯ মার্চ) ভোর আনুমানিক পাঁচটার দিকে গৌরনদীর বাটাজোড় এলাকায় ঢাকা-বরিশাল মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, ঢাকা থেকে বরগুনার উদ্দেশে ছেড়ে আসা গ্রিনভিউ পরিবহনের একটি যাত্রীবাহী বাস (বরগুনা-ব-১১-০০২৬) বাটাজোড় এলাকা অতিক্রম করার সময় চালক নিয়ন্ত্রণ হারান। এতে বাসটি দ্রুতগতিতে সড়কের পাশে গভীর খাদে পড়ে যায়। দুর্ঘটনায় ঘটনাস্থলেই এক যাত্রী প্রাণ হারান এবং তিনজন মারাত্মকভাবে আহত হন।
গৌরনদী হাইওয়ে পুলিশের কর্মকর্তা মো. শামিম শেখ জানান, দুর্ঘটনার খবর পেয়ে হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। গৌরনদী ফায়ার স্টেশনের স্টেশন অফিসার মো. মিজানুর রহমানের নেতৃত্বে দুটি উদ্ধারকারী ইউনিট স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করে দ্রুত গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়। বর্তমানে উদ্ধারকাজ সমাপ্ত হয়েছে এবং দুর্ঘটনাকবলিত বাসটি উদ্ধারের প্রক্রিয়া চলছে।
ডিবিসি/টিবিএ