বরিশাল বিভাগে হামের উপসর্গ নিয়ে মৃত্যুর মিছিল দীর্ঘতর হচ্ছে। সর্বশেষ ২৪ ঘণ্টায় বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও দুই শিশুর মৃত্যু হয়েছে।
এর আগের ২৪ ঘণ্টায়ও একই হাসপাতালে সমসংখ্যক শিশুর মৃত্যু হয়েছিল। এ নিয়ে বিভাগে হামের উপসর্গ নিয়ে এবং রোগ শনাক্ত হওয়ার পর মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১৪ জনে। বরিশাল বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক শ্যামল কৃষ্ণ মণ্ডল এই তথ্য নিশ্চিত করেছেন।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, বছরের শুরুর দিকে হাসপাতালগুলোতে হামের উপসর্গ নিয়ে আসা শিশুর সংখ্যা কম থাকলেও মার্চ মাস থেকে অস্বাভাবিক হারে বাড়তে শুরু করে, যা বর্তমানেও অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় বিভাগের বিভিন্ন সরকারি হাসপাতালে নতুন করে আরও ৬৫ জন শিশু হামের উপসর্গ নিয়ে ভর্তি হয়েছে।
আজ (১০ এপ্রিল) শুক্রবার দুপুর পর্যন্ত হাসপাতালগুলোতে মোট ১১০ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন। চলতি বছরের শুরু থেকে এ পর্যন্ত বিভাগে মোট ১ হাজার ১৯০ জন রোগী হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন, যাদের মধ্যে ল্যাবরেটরি পরীক্ষায় ৫৭ জনের শরীরে হামের উপস্থিতি নিশ্চিত হওয়া গেছে। ক্রমাগত সংক্রমণ ও মৃত্যু বৃদ্ধি পাওয়ায় সংশ্লিষ্ট এলাকায় সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ ছড়িয়ে পড়ছে।
ডিবিসি/টিবিএ