জেলার সংবাদ

বরিশালে হামে আক্রান্ত এক শিশুর মৃত্যু, হাসপাতালে ৭৭ জন

বরিশাল ব্যুরো

ডিবিসি নিউজ

৫ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

বরিশাল বিভাগে উদ্বেগজনক হারে বাড়ছে হামের সংক্রমণ। আজ সোমবার (৩০ মার্চ) হামে আক্রান্ত হয়ে এক শিশুর মৃত্যু হয়েছে বলে খবর পাওয়া গেছে। এ নিয়ে এ বিভাগে গত তিন মাসে এ রোগে ৭ শিশুর মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্য কর্মকর্তারা। এদিকে বর্তমানে বিভাগের সরকারি হাসপাতালগুলোতে চিকিৎসাধীন রয়েছে ৭৭ শিশু। এর মধ্যে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ৪০ জন ভর্তি রয়েছে বলে সোমবার সরেজমিনে গিয়ে দেখা গেছে।

খোঁজ নিয়ে জানা গেছে, বরিশাল বিভাগের প্রধান চিকিৎসা কেন্দ্র শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে গত তিন মাসে ১৩০ জন হাম আক্রান্ত শিশু ভর্তি হয়েছে। এর মধ্যে শুধু মার্চ মাসেই আক্রান্ত হয়েছে ৮৯ জন।

 

বরিশাল সদর উপজেলার কর্ণকাঠি এলাকার বাসিন্দা রহিমা তালুকদার বলেন, ‘সাত দিন আগে আমার ৯ মাসের  মেয়েকে হাসপাতালে ভর্তি করা হয়। প্রথমে জ্বর মনে হলেও পরে চিকিৎসকরা হাম বলে শনাক্ত করেন। এরপরই অন্য রোগীদের কাছ থেকে আমার শিশুকে আলাদা করে দেয় হাসপাতাল কর্তৃপক্ষ।'

 

বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডা. এ কে এম মশিউল মুনীর বলেন, 'শিশুদের হামের টিকা ৯ মাস বয়সে দেওয়া হয়। বর্তমানে ৭ মাস বয়সের শিশুদেরও এ রোগে আক্রান্ত হতে দেখছি। হাসপাতালে হামের টিকা পর্যাপ্ত রয়েছে। ওয়ার্ডটিতে বেড সংকট ছিল, তা সমাধান করা হয়েছে।'

 

স্বাস্থ্য অধিদপ্তরের বরিশাল বিভাগীয় পরিচালক শ্যামল কৃষ্ণ মন্ডল ডিবিসি নিউজকে জানান, আক্রান্ত ও মৃত্যুর অধিকাংশ ঘটনাই সাম্প্রতিক সময়ে ঘটেছে। হাম অত্যন্ত সংক্রামক। ছোঁয়াচে এই রোগটি আক্রান্ত ব্যক্তির হাঁচি-কাশির মাধ্যমে বাতাসে খুব দ্রুত ছড়ায়। রোগীর সঙ্গে একই ঘরে থাকলেও সংক্রমণ হতে পারে। তাই আতঙ্কিত না হয়ে শিশুদের নিরাপদে রাখতে হবে। এছাড়া যেকোনো বয়সীর এ রোগ হওয়ার আশঙ্কা রয়েছে' তাই তিনি সবাইকে  সচেতন থাকার আহ্বান জানান।

আরও পড়ুন