বরিশালের মুলাদীতে অভিযান চালিয়ে ৮০০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। সোমবার (৩১ আগস্ট) সকালে পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের তেরচর রানার বাড়ি এলাকার জনৈক নাসিরের ভাড়াবাসা থেকে পারভেজ রাঢ়ী (৩৩) ও মো. আজিজুল হাকিমকে (২৪) আটক করা হয়। দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে মাদক উদ্ধার ও আটকের বিষয়টি নিশ্চিত করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
সংস্থাটি জানায়, স্থানীয় বাবুল রাঢ়ীর ছেলে পারভেজ ও সহিদ খানের ছেলে আজিজুল হাকিম দীর্ঘদিন ধরে মাদকের কারবার করে আসছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে সোমবার সকালে পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের ওই ভাড়াবাসায় অভিযান চালিয়ে তাদের দুজনকে হাতেনাতে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৮০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বরিশাল জেলা কার্যালয়ের উপপরিচালক জানান, এ ঘটনায় দুজনের বিরুদ্ধে মুলাদী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করা হয়েছে।
ডিবিসি/এসভিএন