বাংলাদেশ, জেলার সংবাদ

বরিশাল শেবাচিমে নার্সের ভুল ইনজেকশনে দুই রোগীর মৃত্যুর অভিযোগ

বরিশাল ব্যুরো

ডিবিসি নিউজ

১ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে (শেবাচিম) এক সেবিকার ভুল ইনজেকশনে মাত্র ৫ মিনিটের ব্যবধানে দুই রোগীর মৃত্যুর অভিযোগ উঠেছে।

রবিবার (১৫ মার্চ) সকালে মর্মান্তিক এই ঘটনায় মৃতদের স্বজনদের মাঝে চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে। হাসপাতাল কর্তৃপক্ষ ঘটনার সত্যতা স্বীকার করে ইতিমধ্যে অভিযুক্ত দুই সেবিকাকে বরখাস্ত করেছে এবং ঘটনা খতিয়ে দেখতে তদন্ত কমিটি গঠন করেছে।

 

হাসপাতাল ও স্বজনদের সূত্রে জানা যায়, গলার টিউমার নিয়ে গত ৮ মার্চ হাসপাতালে ভর্তি হয়েছিলেন পটুয়াখালীর কুয়াকাটার বাসিন্দা ৬০ বছর বয়সী শেফালী বেগম। রবিবার সকাল সাড়ে ৮টায় তার অস্ত্রোপচার হওয়ার কথা ছিল। তার মেয়ে খাদিজা আক্তার জানান, সকাল সাড়ে ৬টার দিকে এক সেবিকা তাকে ইনজেকশন দেওয়ার পরপরই তার মৃত্যু হয়। মায়ের সুস্থতার পর সমুদ্রের বাতাসে একসঙ্গে ঈদ উদ্‌যাপনের যে স্বপ্ন খাদিজা দেখছিলেন, চিকিৎসায় অবহেলার কারণে তা এখন চিরতরে নিভে গেছে।

 

শেফালী বেগমের মৃত্যুর ঠিক ৫ মিনিট পর পাশের বেডেই ঘটে আরেক মর্মান্তিক ঘটনা। থাইরয়েডের সমস্যা নিয়ে গত ২২ ফেব্রুয়ারি হাসপাতালে ভর্তি হওয়া বরিশালের কাশীপুরের বাসিন্দা হেলেনা বেগমকেও মলিনা রানী হালদার নামের ওই সেবিকা ইনজেকশন দেন। থাইরয়েড অপারেশনের প্রস্তুতি চলাকালীন সকাল পৌনে ৭টার দিকে তারও মৃত্যু হয়।

 

ক্ষুব্ধ স্বজনদের সুস্পষ্ট অভিযোগ, চোখের সামনে প্রথম রোগীর মৃত্যুর পরও ওই সেবিকা হেলেনা বেগমকে অ্যানেস্থেসিয়া ইনজেকশন দেন। মাংসে ইনজেকশন দেওয়ার কথা থাকলেও সেটি ভুল করে রগে দেওয়ায় পরপর এই দুই রোগীর প্রাণহানি ঘটেছে বলে দাবি স্বজনদের। তারা এই ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেছেন।

 

এ বিষয়ে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এ কে এম মশিউল মুনীর ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, প্রাথমিক সত্যতা পাওয়ার পর অভিযুক্ত দুই সেবিকাকে তাৎক্ষণিকভাবে বরখাস্ত করা হয়েছে এবং একটি তদন্ত দল গঠন করা হয়েছে। তদন্ত প্রতিবেদন হাতে পাওয়ার পর তাদের বিরুদ্ধে কঠোর বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

ডিবিসি/পিআরএএন

আরও পড়ুন