বাংলাদেশ, জাতীয়

বর্ণাঢ্য আয়োজনে জাতীয় প্রেসক্লাবে বর্ষবরণ

ডেস্ক প্রতিবেদন

ডিবিসি নিউজ

৬ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

জমজমাট ও উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে মঙ্গলবার (১৪ এপ্রিল) জাতীয় প্রেস ক্লাবে বাংলা নববর্ষ ১৪৩৩ (পহেলা বৈশাখ) উদযাপন করা হয়েছে।

বরেণ্য শিল্পীদের বাউল গান, ভাওয়াইয়া ও দেশীয় গানের সুরের মূর্ছনায় মুগ্ধ হন উপস্থিত সকলে। প্রেস ক্লাব সদস্যদের সন্তানদের কণ্ঠে ‘এসো হে বৈশাখ এসো’ গানের মধ্য দিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠানের শুভ সূচনা হয়।


অনুষ্ঠানে বাউল সংগীত পরিবেশন করেন পুতুল বাউল, উপমা বাউল, উল্কা হোসেন, ইমু বাউল ও শামিম বাউল। এ ছাড়াও শিল্পকলা একাডেমির শিল্পী সোহানুর রহমান, আবিদা রহমান সেতু ও মোহনা দাস সংগীত পরিবেশন করেন। অনুষ্ঠানের অন্যতম প্রধান আকর্ষণ ছিল ব্রাহ্মণবাড়িয়ার ঐতিহ্যবাহী পুতুল নাচ, যা দর্শক-শ্রোতাদের দারুণভাবে আনন্দিত করে।


সকাল ৮টায় প্রেস ক্লাব সদস্য ও তাঁদের পরিবারের জন্য ছিল বর্ণিল প্রাতঃরাশের আয়োজন। মেন্যুতে ছিল খৈ, মুড়ি-মুড়কি, পায়েস, বাতাসা, খিচুড়ি ও বাঙালির ঐতিহ্যবাহী পান্তা-ইলিশ। দুপুরেও দেশীয় বিশেষ খাবারের আয়োজনে সদস্যগণ সপরিবারে অংশগ্রহণ করেন।


অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন। এসময় তিনি বলেন, “সংস্কৃতির বহুত্ববাদ না বুঝে নববর্ষের গায়ে কেউ কেউ নানা মতের মুখোশ পরাতে চায়। মোগলরা যখন এই সনের প্রবর্তন করেন, তখন তাঁরা হিজরি সাল থেকে সংখ্যা গ্রহণ করেছেন এবং এর সারবস্তু হিসেবে কৃষকের ফসল ও হালখাতার সংস্কৃতিকে গ্রহণ করেছেন। ফলে এর মধ্যেই নিহিত রয়েছে আমাদের বাংলাদেশি সংস্কৃতি।”


মন্ত্রী আরও বলেন, “বাংলা নববর্ষ উদযাপনের মধ্য দিয়ে সকল ধর্ম-বর্ণ নির্বিশেষে এক ঐক্যের মিলন ঘটে। এই উৎসব আমাদের সম্মিলিত ঐক্যের এক অনন্য রূপ। আমাদের দেশকে যেমন নিজের পায়ে দাঁড় করাতে হবে, তেমনি নিজেদের চিন্তা ও সংস্কৃতিকে ঊর্ধ্বে তুলে ধরতে হবে। জাতীয় প্রেস ক্লাব এই ধরনের সাংস্কৃতিক চর্চার যে ধারাবাহিকতা রাখছে, তা সত্যিই প্রশংসনীয়।”


সকাল ৯টায় ক্লাবের সভাপতি হাসান হাফিজের সভাপতিত্বে বর্ষবরণ অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বিশেষ অনুষ্ঠান ও আপ্যায়ন উপ-কমিটির আহ্বায়ক কাদের গণি চৌধুরী। অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক আইয়ুব ভূঁইয়া ও সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ আবদাল আহমদ।


ব্যবস্থাপনা কমিটির সদস্য ও সাংস্কৃতিক উপ-কমিটির আহ্বায়ক কাজী রওনাক হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জাতীয় প্রেস ক্লাবের কোষাধ্যক্ষ বখতিয়ার রাণা, ব্যবস্থাপনা কমিটির সদস্য শাহনাজ বেগম পলি, মোহাম্মদ মোমিন হোসেন, মাসুমুর রহমান খলিলী, একেএম মহসীন, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি শহিদুল ইসলাম এবং সাধারণ সম্পাদক খুরশীদ আলম। বিভিন্ন সংবাদ মাধ্যমের সম্পাদক, সাংবাদিক ও তাঁদের পরিবারের সদস্যরা অত্যন্ত আনন্দঘন পরিবেশে এই উৎসব উপভোগ করেন।


ডিবিসি/এসএফএল

আরও পড়ুন