আসন্ন ত্রয়োদশ জাতীয় নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ হওয়া নিয়ে প্রবল আশঙ্কা প্রকাশ করেছেন বিশেষজ্ঞরা। তাদের মতে, মাঠ প্রশাসন সম্পূর্ণ নিরপেক্ষ না হলে অবাধ নির্বাচন আয়োজন কোনোভাবেই সম্ভব নয়। অতীতে আমলাতন্ত্র ও প্রশাসনের পক্ষপাতমূলক আচরণের নজির এবং বর্তমানে আমলাদের মধ্যে রাজনৈতিক বিভাজন এ শঙ্কাকে আরও গভীর করে তুলেছে।
নির্বাচন কমিশনের অধীনে নির্বাচন অনুষ্ঠিত হলেও মাঠ পর্যায়ে তা বাস্তবায়নের মূল দায়িত্ব থাকে প্রশাসনের কর্মকর্তাদের ওপর। কিন্তু অ্যাডমিনিস্ট্রেটিভ ক্যাডার সার্ভিস অ্যাসোসিয়েশনের মধ্যে পাল্টাপাল্টি কমিটি গঠন এবং আমলাদের প্রকাশ্য বিভাজনকে ইতিহাসের নজিরবিহীন ঘটনা হিসেবে দেখছেন বিশ্লেষকরা।
প্রধান দুই রাজনৈতিক জোটের পক্ষ থেকেই অভিযোগ রয়েছে যে, প্রশাসন তাদের বিপক্ষে কাজ করছে। প্রশাসনকে নিজেদের পক্ষে টানার প্রতিযোগিতাও দৃশ্যমান।
সাবেক আমলা ও জনপ্রশাসন বিশেষজ্ঞ একেএম আব্দুল আওয়াল মজুমদার এবং সাবেক সচিব মোহাম্মদ ফিরোজ মিয়া মনে করেন, প্রশাসন যদি দলীয় প্রভাবমুক্ত না হয়, তবে সুষ্ঠু ভোট সম্ভব নয়।
তারা উল্লেখ করেন, প্রশাসনে কেবল অভিজ্ঞ কর্মকর্তা থাকলেই হবে না, তাদের নিরপেক্ষতাও জরুরি। সরকার ও নির্বাচন কমিশনকে মাঠ প্রশাসন যাতে প্রভাবমুক্ত হয়ে কাজ করতে পারে, সেই পরিবেশ নিশ্চিত করার তাগিদ দিয়েছেন এই বিশেষজ্ঞরা।
ডিবিসি/এএমটি