জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বলেছেন, পবিত্র ঈদুল আজহা আমাদের জন্য ত্যাগের বাণী নিয়ে এসেছে। বর্তমান সরকারের আমলে মানুষের মধ্যে কোনো আতঙ্ক নেই। জনগণ বাকস্বাধীনতা ভোগ করছে। রাজনৈতিক বিশ্বাসের কারণে কাউকে আর নিগৃহীত হতে হবে না। এটিই গণতন্ত্রের সুফল।
তিনি আশা প্রকাশ করেন, বাংলাদেশে গণতন্ত্র স্থায়ী রূপ পাবে এবং ভবিষ্যতে কেউ কাউকে নিপীড়ন করতে পারবে না।
আজ বৃহস্পতিবার (২৮ মে) সকালে লালমোহন উপজেলা কেন্দ্রীয় ঈদগাহ মাঠে ঈদুল আযহার নামাজ শেষে প্রশাসনের কর্মকর্তা, নেতাকর্মী ও মুসল্লিদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়কালে তিনি এসব কথা বলেন।
স্পিকার বলেন, দেশের বৃহৎ একটি অংশ অর্থনৈতিক কারণে কষ্টে রয়েছে। সচ্ছল ও অসচ্ছল সবাই মিলেমিশে যেন সুখ-দুঃখ ভাগাভাগি করে সুন্দর জীবনযাপন করতে পাওে, সেজন্য তিনি মহান আল্লাহর রহমত কামনা করেন।
তিনি আরও বলেন, আমার দৃঢ় বিশ্বাস, আগামী দিনগুলোতে গণতান্ত্রিক সরকার জনগণের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতে সক্ষম হবে। বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দেশের সাধারণ মানুষের কল্যাণে সরকার আত্মনিয়োগ করবে।
ডিবিসি/ এইচএপি