জেলার সংবাদ

বর্তমান সরকার কৃষিবান্ধব সরকার, কৃষকরা আমাদের জীবনের অংশ: ধর্মমন্ত্রী

ডেস্ক রিপোর্ট

ডিবিসি নিউজ

২ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

বর্তমান সরকার কৃষকের সরকার ও কৃষিবান্ধব সরকার এবং কৃষকরা আমাদের জীবনের অংশ বলে মন্তব্য করেছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ। তিনি বলেন, কৃষকদের উৎপাদিত শস্যেই আমাদের জীবন চলে।

সোমবার (১৩ এপ্রিল) সন্ধ্যায় মুরাদনগর উপজেলায় কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

 

ধর্মমন্ত্রী আরও বলেন, কৃষকরা ফসল উৎপাদন বন্ধ রাখলে দেশ খাদ্যহীন হয়ে যাবে। এ কারণেই বর্তমান সরকার দায়িত্ব নিয়ে কৃষকদের সর্বোচ্চ গুরুত্ব দিয়ে ১০ হাজার টাকা পর্যন্ত ঋণ সুদসহ মওকুফ করেছে। এছাড়া চাষাবাদের সুবিধার জন্য খাল খনন প্রকল্প শুরু করা হয়েছে এবং কৃষকদের স্বাবলম্বী করতে কৃষক কার্ড চালু করা হচ্ছে।

 

উপজেলা প্রশাসন ও উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে সোমবার সন্ধ্যায় উপজেলা কবি নজরুল মিলনায়তনে এই বীজ ও সার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা এবিএম সারোয়ার রাব্বির সভাপতিত্বে এবং উপ-সহকারী কৃষি কর্মকর্তা মাজহারুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা পাভেল খান পাপ্পু ও কৃষক প্রতিনিধি হেদায়েত হোসেন।

 

অনুষ্ঠানে সহকারী কমিশনার (ভূমি) সাকিব হাসান খান, পল্লী উন্নয়ন কর্মকর্তা সফিকুল ইসলাম, মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাসরুরুল হক, বাঙ্গরা বাজার থানা পুলিশ পরিদর্শক (তদন্ত) আনোয়ার হোসেন, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক কামাল উদ্দিন ভূঁইয়া, যুবদলের আহ্বায়ক সোহেল সামাদ, মহিলা দলের সভাপতি কাজী তাহমিনাসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা এবং উপজেলার ২২টি ইউনিয়নের কৃষক-কৃষাণীরা উপস্থিত ছিলেন।

 

ডিবিসি/আরএসএল

আরও পড়ুন