আন্তর্জাতিক

বলিভিয়ায় টাকা ভর্তি উড়োজাহাজ বিধ্বস্ত, ১৫ জন নিহত

আন্তর্জাতিক ডেস্ক

ডিবিসি নিউজ

৫ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

বলিভিয়ার রাজধানী লা পাজের নিকটবর্তী এল আল্টো শহরে এক ভয়াবহ বিমান দুর্ঘটনায় অন্তত ১৫ জন নিহত এবং ৩০ জন আহত হয়েছেন। শুক্রবার সন্ধ্যায় প্রতিকূল আবহাওয়ার মধ্যে কেন্দ্রীয় ব্যাংকের নতুন নোট বহনকারী একটি 'হারকিউলিস' সামরিক বিমান অবতরণের সময় রানওয়ে থেকে ছিটকে পাশের একটি ব্যস্ত এভিনিউতে আছড়ে পড়লে এই হতাহতের ঘটনা ঘটে।

স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, বিমানটি সান্তা ক্রুজ শহর থেকে নতুন নোট নিয়ে এল আল্টো আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশ্যে রওনা হয়েছিল। অবতরণের পরপরই এটি নিয়ন্ত্রণ হারিয়ে রানওয়ে সংলগ্ন সড়কে ছিটকে পড়ে এবং সেখানে থাকা বেশ কয়েকটি যানবাহনকেও দুমড়েমুচড়ে দেয়। টেলিভিশন ও সোশ্যাল মিডিয়ার ফুটেজে দুর্ঘটনাস্থলে ধ্বংসস্তূপের মাঝে ছড়িয়ে-ছিটিয়ে থাকা বিপুল পরিমাণ অর্থ দেখা গেছে।

 

দুর্ঘটনার পর এক নজিরবিহীন পরিস্থিতির সৃষ্টি হয়। বিধ্বস্ত বিমান থেকে ছড়িয়ে পড়া টাকা কুড়োতে শত শত মানুষ দুর্ঘটনাস্থলে ভিড় জমায়। জনতাকে ছত্রভঙ্গ করতে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে স্থানীয় প্রশাসনকে জলকামান ও কাঁদানে গ্যাস ব্যবহার করতে হয়েছে। রয়টার্স তাৎক্ষণিকভাবে ওই ফুটেজগুলোর সত্যতা নিশ্চিত করতে পারেনি।

 

এই ঘটনার পর এল আল্টো আন্তর্জাতিক বিমানবন্দর সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে জাতীয় বিমান সংস্থা বলিভিয়ানা ডি অ্যাভিয়াসিওন। সংস্থাটি স্পষ্ট করেছে যে, দুর্ঘটনায় জড়িত বিমানটি তাদের বাণিজ্যিক বহরের অংশ ছিল না। বলিভিয়ার কেন্দ্রীয় ব্যাংক এই বিষয়ে বিস্তারিত ব্রিফিং করার কথা থাকলেও দুর্ঘটনার পর এক থমথমে পরিস্থিতি বিরাজ করছে। বর্তমানে উদ্ধারকারী দল ঘটনাস্থলে কাজ করছে এবং আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

 

সুত্র: রয়টার্স

 

ডিবিসি/টিবিএ

আরও পড়ুন