আন্তর্জাতিক, এশিয়া

বল এখন ইরানের কোর্টে: মার্কিন ভাইস প্রেসিডেন্ট

আন্তর্জাতিক ডেস্ক

ডিবিসি নিউজ

৪ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স জানিয়েছেন, ইরানের সঙ্গে চলমান যুদ্ধ অবসানে সম্ভাব্য চুক্তির ভবিষ্যৎ এখন সম্পূর্ণভাবে তেহরানের সিদ্ধান্তের ওপর নির্ভর করছে। তিনি বলেছেন, বল এখন ইরানের কোর্টে। যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে আলোচনার টেবিলে তাদের অবস্থান, শর্ত এবং একটি সুস্পষ্ট প্রস্তাব ইতোমধ্যে তুলে ধরা হয়েছে। এখন তেহরান সেই প্রস্তাব গ্রহণ করবে কি না, সেটিই এ মুহূর্তে সবচেয়ে বড় বিবেচ্য বিষয়।

সম্ভাব্য এ চুক্তির বিষয়ে নিজেদের কঠোর অবস্থানের কথা পুনর্ব্যক্ত করে ভ্যান্স জানান, দুটি সুনির্দিষ্ট বিষয়ে ওয়াশিংটন কোনোভাবেই ছাড় দেবে না। এর মধ্যে রয়েছে ইরানের সমৃদ্ধ ইউরেনিয়ামের ওপর কঠোর নিয়ন্ত্রণ আরোপ এবং তাদের পারমাণবিক অস্ত্র তৈরি ঠেকাতে একটি কার্যকর ও নির্ভরযোগ্য যাচাই ব্যবস্থা নিশ্চিত করা। তবে, ইরান যদি তাদের পারমাণবিক অস্ত্র কর্মসূচি পুরোপুরি ত্যাগ করতে রাজি হয়, তবে যুক্তরাষ্ট্র তাদের সঙ্গে বিশ্বের অন্য যেকোনো স্বাভাবিক দেশের মতোই আচরণ করতে প্রস্তুত রয়েছে বলে তিনি প্রতিশ্রুতি দেন।

 

যুদ্ধবিরতির অংশ হিসেবে যুক্তরাষ্ট্রের অন্যতম প্রধান প্রত্যাশা হলো হরমুজ প্রণালি পুরোপুরি খুলে দেওয়া। অত্যন্ত গুরুত্বপূর্ণ নৌপথটি বন্ধ থাকার কারণে বিশ্বব্যাপী জ্বালানি সরবরাহে বড় ধরনের নেতিবাচক প্রভাব পড়েছে, যা দ্রুত নিরসনে ওয়াশিংটন জোর দিচ্ছে।

 

এদিকে, চলমান সংকটের মধ্যে সম্প্রতি পাকিস্তানে দুই পক্ষের মধ্যে একটি গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হলেও তা কোনো চূড়ান্ত সিদ্ধান্ত বা সমাধান ছাড়াই শেষ হয়েছে। তবে কূটনৈতিক সূত্রগুলোর মতে, কোনো পক্ষই একেবারে আলোচনা থেকে সরে যায়নি। সামনের দিনগুলোতে এ সংলাপ চালিয়ে যাওয়ার জোরালো ইঙ্গিত পাওয়া গেছে।

 

তথ্যসূত্র: আল আরাবিয়া

 

ডিবিসি/এএমটি

আরও পড়ুন