আজ পহেলা ফাল্গুন, বসন্তের শুরু এবং একই সঙ্গে বিশ্ব ভালোবাসা দিবস। প্রকৃতির রঙ আর মানুষের মনের অনুভূতি যেন আজ মিলেমিশে একাকার হয়ে গেছে। শীতের জীর্ণতা ভেঙে প্রকৃতির উজ্জ্বল রূপ ঘোষণা করছে বসন্তের আগমন।
কবির ভাষায়, ফুল ফুটুক আর নাই ফুটুক-আজ বসন্ত। এই ঋতু বদল কেবল প্রকৃতির পরিবর্তন নয়, বরং মানুষের হৃদয়ে এক নতুন জাগরণের বার্তা নিয়ে এসেছে।
বাঙালির বসন্ত উদযাপন মানেই হলুদের ছোঁয়ায় শাড়ি, চুলে গাঁথা রঙিন ফুল আর খোলা আকাশের নিচে প্রাণখোলা হাসি। আজ মানুষের মুখে অনাবিল হাসি আর রোদে মেশা হালকা উষ্ণতা বলে দিচ্ছে জীবন কতটা রঙিন। বসন্তের এই আবহে ভালোবাসা এখন কেবল দুজন মানুষের গল্পে সীমাবদ্ধ নেই; বরং এটি হয়ে উঠেছে বন্ধুত্ব, পরিবার, পুরনো স্মৃতি আর সম্পর্কের উষ্ণতা প্রকাশের এক বিশেষ দিন।
ফুলে ফুলে রাঙা পথ আর প্রকৃতির এই নতুন সাজ মনে করিয়ে দিচ্ছে যে পরিবর্তনই জীবনের স্বভাব। ঋতু বদলায়, সময় এগিয়ে যায়, কিন্তু বসন্ত আর ভালোবাসা বারবার ফিরে আসে জীবনকে রঙধনুর মতো রাঙিয়ে দিতে। আজ সারা দেশ মেতেছে বসন্তের রঙ আর ভালোবাসার উৎসবে।
ডিবিসি/এসএফএল