আন্তর্জাতিক, আরব

বাংলাদেশসহ কয়েক দেশে ইসরায়েলিদের ভ্রমণে সতর্কতা

আন্তর্জাতিক ডেস্ক

ডিবিসি নিউজ

১ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

হাই হলিডিজ বা ইহুদিদের প্রধান ধর্মীয় উৎসবের দিনগুলো সামনে রেখে বিশ্বের বিভিন্ন দেশে ইসরায়েলি ও ইহুদিদের ওপর সন্ত্রাসী হামলার ঝুঁকি বাড়ার সতর্কতা জারি করেছে ইসরায়েলের ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল (এনএসসি)। তবে এটি নতুন কোনো ভ্রমণ সতর্কতা নয় বলে জানিয়েছে সংস্থাটি।

রবিবার দেওয়া এক বিবৃতিতে এনএসসি জানায়, ইরান ও তাদের মিত্রগোষ্ঠীগুলো এখনো বিদেশে ইসরায়েলি ও ইহুদিদের জন্য সবচেয়ে বড় বৈশ্বিক সন্ত্রাসী হুমকি। ইরান নিজস্ব নেটওয়ার্ক, প্রক্সি গোষ্ঠী ও অপরাধী সংগঠনের মাধ্যমে বিভিন্ন দেশে হামলার চেষ্টা চালিয়ে যাচ্ছে বলে সতর্ক করা হয়েছে।


এনএসসি জানায়, ইসরায়েলের সঙ্গে ইরান, হিজবুল্লাহ ও হামাসের চলমান সংঘাতের কারণে বিদেশে থাকা ইসরায়েলিদের জন্য হুমকি আরও বিস্তৃত হয়েছে। একই সঙ্গে ইসরায়েলবিরোধী বক্তব্য ও উসকানি সন্ত্রাসী গোষ্ঠী ও ব্যক্তিগত হামলাকারীদের হামলার প্রবণতা বাড়াচ্ছে।


আগামী অক্টোবরকে বিশেষভাবে সংবেদনশীল সময় হিসেবে উল্লেখ করেছে এনএসসি। এ সময়ে বড় ধরনের বিক্ষোভ এবং সহিংসতার পাশাপাশি সন্ত্রাসী হামলার চেষ্টাও বাড়তে পারে বলে সতর্ক করা হয়েছে।


জর্ডান, কাতার, সোমালিল্যান্ড ও মিসর, বিশেষ করে সিনাই উপদ্বীপে ইসরায়েলিদের ভ্রমণ এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়েছে। ইরাক, ইয়েমেন, ইরান, সিরিয়া ও লেবানন ইসরায়েলি নাগরিকদের জন্য নিষিদ্ধ গন্তব্য। সৌদি আরবেও ভ্রমণ আইনগতভাবে সীমিত।


এছাড়া বাংলাদেশ, সোমালিয়া, পাকিস্তান, আফগানিস্তান, লিবিয়া ও আলজেরিয়ায় ভ্রমণ এড়িয়ে চলতে বলা হয়েছে।


বিদেশে অবস্থানরত ইসরায়েলিদের প্রকাশ্যে ইসরায়েলি বা ইহুদি পরিচয় প্রকাশ না করা, ভিড়ের মধ্যে হিব্রু ভাষায় কথা বলা সীমিত করা এবং সামাজিক যোগাযোগমাধ্যমে তাৎক্ষণিক অবস্থান প্রকাশ না করার পরামর্শ দিয়েছে এনএসসি। পাশাপাশি সিনাগগ, কোশার রেস্তোরাঁ ও ইহুদি সমাবেশস্থলের আশপাশে সতর্ক থাকতে বলা হয়েছে।


সূত্র:  জেরুজালেম পোস্ট


ডিবিসি/এসএফএল

আরও পড়ুন