বাংলাদেশ, জাতীয়

সংযুক্ত আরব আমিরাতে শ্রম ভিসা পুনরায় চালুর অনুরোধ পররাষ্ট্রমন্ত্রীর

ডেস্ক প্রতিবেদন

ডিবিসি নিউজ

১ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

সংযুক্ত আরব আমিরাতে (ইউএই) বাংলাদেশিদের জন্য পুনরায় শ্রম ভিসা চালু করতে দেশটির সরকারের প্রতি বিশেষ অনুরোধ জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান।

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) বাংলাদেশে নিযুক্ত সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূত আবদুল্লাহ আলি আল হামুদী পররাষ্ট্রমন্ত্রীর সাথে সৌজন্য সাক্ষাৎ করতে এলে তিনি এই আহ্বান জানান।


পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই বৈঠকের বিষয়ে বিস্তারিত জানানো হয়।


বৈঠকে পররাষ্ট্রমন্ত্রী সংযুক্ত আরব আমিরাতে কর্মরত প্রায় ১২ লাখ প্রবাসী বাংলাদেশির অবদানের কথা স্মরণ করে দেশটির সরকারকে ধন্যবাদ জানান। একইসঙ্গে তিনি বন্ধ থাকা শ্রম ভিসা পুনরায় চালু করার পাশাপাশি বাংলাদেশি নাগরিকদের জন্য ব্যবসায়িক ও ট্রানজিট ভিসা প্রাপ্তি আরও সহজ করার অনুরোধ করেন।


সাক্ষাৎকালে দুই দেশের দীর্ঘমেয়াদী বন্ধুত্ব এবং ক্রমবর্ধমান কৌশলগত অংশীদারত্বের বিষয়টি পুনর্ব্যক্ত করা হয়। পররাষ্ট্রমন্ত্রী 'বাংলাদেশ ফার্স্ট' নীতির কথা উল্লেখ করে বলেন, বাংলাদেশ ও সংযুক্ত আরব আমিরাতের মধ্যকার বর্তমান সম্পর্ককে একটি সমন্বিত কৌশলগত ও অর্থনৈতিক অংশীদারত্বে উন্নীত করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ।


বৈঠকে অন্যান্য গুরুত্বপূর্ণ আলোচনার মধ্যে ছিল- দুই দেশের মধ্যে সামগ্রিক অর্থনৈতিক অংশীদারত্ব চুক্তি নিয়ে আলোচনা ত্বরান্বিত করা। বাণিজ্য, জ্বালানি, অবকাঠামো এবং পাবলিক-প্রাইভেট পার্টনারশিপ প্রকল্পে সহযোগিতা বৃদ্ধি। দুই দেশের জনগণের মধ্যে যোগাযোগ আরও সুদৃঢ় করা।


এর আগে, রাষ্ট্রদূত আবদুল্লাহ আলি আল হামুদী পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামের সাথেও সাক্ষাৎ করেন। এই বৈঠকে প্রতিমন্ত্রী দুই দেশের মধ্যকার উচ্চপর্যায়ের সফর বিনিময় এবং বিদ্যমান দ্বিপাক্ষিক প্ল্যাটফর্মগুলোর নিয়মিত বৈঠক আয়োজনের ওপর গুরুত্বারোপ করেন।


ডিবিসি/এসএফএল

আরও পড়ুন