ভারতের অন্ধ্রপ্রদেশের আনাকাপল্লি জেলায় বাংলাদেশি এক শিক্ষার্থীকে যৌন নিপীড়নের চেষ্টার পর পালাতে গিয়ে ভবন থেকে পড়ে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। রবিবার (৬ সেপ্টেম্বর) বিকেলে আচ্যুতাপুরমে এ ঘটনা ঘটে।
পুলিশ জানায়, বাংলাদেশি ওই তরুণী কাকিনাড়ায় ব্যাচেলর অব ফার্মেসিতে পড়াশোনা করেন। সম্প্রতি তিনি আচ্যুতাপুরমে এক পরিচিত নারীর সঙ্গে থাকতে শুরু করেন। অভিযুক্ত কমলেশ যাদব (৪৩) ঝাড়খণ্ডের বাসিন্দা এবং স্থানীয় একটি মদের দোকানে কাজ করতেন। তিনি কাছের ভেদুরুভাডার একটি বহুতল ভবনে ভাড়া থাকতেন।
রবিবার ওই শিক্ষার্থী ঘরে একা থাকার সুযোগে যাদব সেখানে যান। টয়লেট পরিষ্কার করার কথা বলে ঘরে ঢুকে কিছুক্ষণ পর তিনি তরুণীকে যৌন নিপীড়নের চেষ্টা করেন। তরুণী বাধা দিয়ে সেখান থেকে বেরিয়ে নিচে চলে যান এবং স্থানীয়দের বিষয়টি জানান।
এদিকে ভয় পেয়ে যাদব ভবনের একটি পিলার বেয়ে নিচে নামার চেষ্টা করেন। একপর্যায়ে ভারসাম্য হারিয়ে মাটিতে পড়ে ঘটনাস্থলেই মারা যান।
পরে স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তদন্ত শুরু করে। ঘটনার বিষয়ে সার্কেল ইন্সপেক্টর চন্দ্রশেখর রাও ও সাব-ইন্সপেক্টর সুধাকর রাও নিশ্চিত করেছেন।
সূত্র: ইটিভি ভারত
ডিবিসি/এসএফএল