আর্জেন্টিনা ও ব্রাজিলের দুটি ক্লাব এবং বাংলাদেশের রেড এন্ড গ্রিন রাইজিং সুপারস্টার-এই তিন দল নিয়ে আগামীকাল থেকে শুরু হচ্ছে লাতিন-বাংলা সুপার কাপ। টুর্নামেন্টে অংশ নিতে আসা দুই লাতিন আমেরিকান ক্লাবের ফুটবলাররা বাংলাদেশের মানুষের আতিথেয়তা ও খাবারের প্রশংসায় পঞ্চমুখ।
বাংলাদেশে আর্জেন্টিনা ও ব্রাজিলের ফুটবল নিয়ে যে উন্মাদনা রয়েছে, তা সামাজিক যোগাযোগ মাধ্যমের কল্যাণে লাতিন ফুটবলারদের অজানা নয়। টুর্নামেন্টে অংশ নিতে আসা আর্জেন্টিনার ক্লাব অ্যাথলেটিকো চার্লোন এবং ব্রাজিলের ক্লাব সাও বার্নার্দোর ফুটবলাররা এই ভালোবাসার কথা অকপটে স্বীকার করেছেন।
অ্যাথলেটিকো চার্লোনের ফরোয়ার্ড বেনহামিন ইগলেসিয়াস জানান, এদেশের মানুষ অত্যন্ত অতিথিপরায়ণ এবং মেসির দেশ থেকে আসায় তারা বাড়তি সম্মান পাচ্ছেন, যা তাদের জন্য গর্বের।
ব্রাজিলিয়ান ক্লাবের ফিজিক্যাল কোচ হুয়ান সাম্পাইও জানান, তিনি আগেই সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখেছেন যে বাংলাদেশের মানুষ ফুটবল নিয়ে কতটা আবেগপ্রবণ। বিশেষ করে বিশ্বকাপের সময় এখানকার সমর্থকদের পতাকা ওড়ানো ও উন্মাদনা তাদের নজর কেড়েছে।
শুক্রবার এই টুর্নামেন্টের ম্যাচে মুখোমুখি হবে ব্রাজিলের সাও বার্নার্দো ফুটবল ক্লাব ও বাংলাদেশের রেড এন্ড গ্রিন সুপার স্টার। জয়ের লক্ষ্য নিয়েই মাঠে নামবে দুই দল। যদিও এদেশের ফুটবল সংস্কৃতি নিয়ে লাতিন অতিথিদের ধারণা কম, তবুও তারা এই টুর্নামেন্টে নিজেদের সেরাটা দিতে প্রস্তুত।
ডিবিসি/এসএফএল