বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সাবেক সভাপতি আমিনুল ইসলাম বুলবুল আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) কাছে তাকে আবারও বিসিবি সভাপতির পদ ফিরিয়ে দেওয়ার অনুরোধ করেছেন বলে জানা গেছে। একই সঙ্গে বর্তমান বিসিবির জন্য আইসিসির আর্থিক সহায়তা স্থগিত রাখারও আহ্বান জানিয়েছেন তিনি।
জানা গেছে, চলতি সপ্তাহের শুরুতে আইসিসির কাছে ১৪ পৃষ্ঠার একটি চিঠি পাঠান বুলবুল। সেখানে তিনি সাবেক বাংলাদেশ অধিনায়ক তামিম ইকবালের নেতৃত্বাধীন বর্তমান বিসিবি বোর্ডের বৈধতা নিয়ে প্রশ্ন তোলেন। আমিনুল ইসলাম বাংলাদেশের জন্য আইসিসির অর্থায়ন স্থগিত করার অনুরোধ করেছেন বলেও জানা গেছে। আইসিসি বুলবুলের পাঠানো চিঠির বিষয়টি বিসিবিকে অবহিত করার পর, বর্তমান পরিচালনা পর্ষদও বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থার কাছে নিজেদের অবস্থান তুলে ধরে একটি চিঠি পাঠিয়েছে।
তবে এই চিঠি দেওয়ার বিষয়টি সম্পূর্ণ অস্বীকার করেছেন বুলবুল। বৃহস্পতিবার (২৫ জুন) এক ভিডিওবার্তায় তিনি বলেন, তিনি আইসিসিকে বাংলাদেশের ফান্ডিং বন্ধ করে দেওয়ার কোনো অনুরোধ করেননি। এটিকে সম্পূর্ণ মিথ্যা দাবি করে তিনি জানান, আইসিসির কাছে তিনি কখনোই এমন কোনো অনুরোধ করবেন না যাতে বাংলাদেশের কোনো ক্ষতি হয়।
উল্লেখ্য, গত অক্টোবরে অনুষ্ঠিত বিসিবি নির্বাচনে অনিয়মের অভিযোগ তদন্তের পর গত ৭ এপ্রিল জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) আমিনুল ইসলাম বুলবুলের নেতৃত্বাধীন পরিচালনা পর্ষদ বিলুপ্ত ঘোষণা করে। ওই নির্বাচনে বুলবুল সভাপতি নির্বাচিত হয়েছিলেন। পর্ষদ বিলুপ্তির পর এনএসসি তামিম ইকবালের নেতৃত্বে ১১ সদস্যের একটি অ্যাডহক কমিটি গঠন করে।
এই কমিটির দায়িত্ব ছিল অন্তর্বর্তীকালীন সময়ে বিসিবির কার্যক্রম পরিচালনা করা এবং ৯০ দিনের মধ্যে নতুন নির্বাচন আয়োজন করা। পরবর্তীতে ৭ জুন সেই অ্যাডহক কমিটির অধীনে নির্বাচন অনুষ্ঠিত হয়, যেখানে তামিম ইকবাল আগামী চার বছরের জন্য বিসিবির সভাপতি নির্বাচিত হন।
ডিবিসি/আরএসএল