আন্তর্জাতিক, ভারত

বাংলাদেশের নির্বাচনে বিএনপির জয়ে আশার আলো দেখছেন কলকাতার ব্যবসায়ীরা

কলকাতা প্রতিনিধি

ডিবিসি নিউজ

শনিবার ১৪ই ফেব্রুয়ারি ২০২৬ ০৪:০১:০৭ অপরাহ্ন
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

শুক্রবার ১৩ (ফেব্রুয়ারি) আনুষ্ঠানিকভাবে ঘোষিত হয়েছে বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় নির্বাচনের ফলাফল। একক সংখ্যাগরিষ্ঠতা জনাব তারেক রহমানের নেতৃত্বে নতুন সরকার গঠন হতে চলেছে বাংলাদেশে। এ রাজনৈতিক পালাবদলের খবরে খুশির হাওয়া বইছে কলকাতার নিউ মার্কেট চত্বরে, যা লোকমুখে ‘মিনি বাংলাদেশ’ নামেই বেশি পরিচিত।

দীর্ঘদিন ধরে চলা মন্দা কাটিয়ে আবারও ব্যবসার সুদিন ফিরবে এই আশায় বুক বাঁধছেন নিউ মার্কেটের ব্যবসায়ীরা। হোটেল মালিক, ট্রান্সপোর্ট ব্যবসায়ী, মানি এক্সচেঞ্জ থেকে শুরু করে স্বাস্থ্য পরিষেবা এবং স্থানীয় খুচরো বিক্রেতারা তাকিয়ে আছেন নতুন সরকারের পদক্ষেপের দিকে।

 

ব্যবসায়ীদের মতে, ২০২৪ সালের ৫ আগস্ট বাংলাদেশে গণ-অভ্যুত্থান এবং পরবর্তী রাজনৈতিক অস্থিরতার জেরে ভারত-বাংলাদেশ দ্বিপাক্ষিক সম্পর্কে কিছুটা শৈত্য নেমে এসেছিল। ভিসা প্রক্রিয়া জটিল হওয়ায় বাংলাদেশ থেকে কলকাতায় আগত মানুষের সংখ্যা প্রায় ৯০ শতাংশ কমে যায়। এর সরাসরি প্রভাব পড়ে নিউ মার্কেটের অর্থনীতির ওপর। পর্যটক ও চিকিৎসার প্রয়োজনে আসা মানুষের আনাগোনা কমে যাওয়ায় বড়সড় আর্থিক ক্ষতির মুখে পড়েন এই অঞ্চলের ব্যবসায়ীরা। হোটেলগুলো প্রায় ফাঁকা পড়ে ছিল, বেচাকেনা তলানিতে ঠেকেছিল মুদি ও চায়ের দোকানগুলোতেও।

 

তবে এখন ছবিটা বদলাবে বলে মনে করছেন কলকাতার ব্যবসায়ী মহল। তাদের আশা, তারেক রহমানের নেতৃত্বে নতুন সরকার দায়িত্ব গ্রহণের পর দুই দেশের সম্পর্ক পুনরায় স্বাভাবিক হবে এবং ভিসা প্রদানের হার বৃদ্ধি পাবে। জটিলতা কাটিয়ে আবারও দলে দলে বাংলাদেশি পর্যটক ও সাধারণ মানুষ কলকাতায় আসবেন, এবং ‘মিনি বাংলাদেশ’ ফিরে পাবে তার চেনা ছন্দ।

 

ডিবিসি/এএমটি

আরও পড়ুন