খেলাধুলা, অন্যান্য খেলা

বাংলাদেশের পতাকা নিয়ে কলকাতায় ম্যারাথন দৌড়ালেন শিবশংকর

ডেস্ক নিউজ

ডিবিসি নিউজ

৬ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

বয়স ৬০ ছুঁলেও মনোবল আর শারীরিক সক্ষমতায় তিনি টগবগে তরুণ। আজ রোববার (৮ ফেব্রুয়ারি) সকালে কলকাতার রাজপথে হাজারো দর্শকের সামনে বাংলাদেশের পতাকা হাতে ম্যারাথন দৌড়ালেন বাংলাদেশি বংশোদ্ভূত জার্মান নাগরিক শিবশংকর পাল।

কলকাতার সল্টলেক স্টেডিয়াম থেকে শুরু হওয়া ৪২ দশমিক ২ কিলোমিটারের এই ফুল ম্যারাথন তিনি শেষ করেছেন মাত্র ৩ ঘণ্টা ২৯ মিনিটে। এটি ছিল তাঁর জীবনের ১৩৯তম দৌড়।

 

এনইবি স্পোর্টস প্রাইভেট লিমিটেডের আয়োজনে আজ ভোর ৪টায় শুরু হয় এই ফুল ম্যারাথন। যেখানে ১৮ থেকে ৫০ বছর বয়সসীমার নিয়ম থাকলেও, বিশেষ অদম্য স্পৃহা নিয়ে অংশ নেন ৬০ বছর বয়সী শিবশংকর। ফুল ম্যারাথনের পাশাপাশি এদিন ১০ কিলোমিটারের হাফ ম্যারাথন এবং ৫ কিলোমিটারের ফান ম্যারাথনও অনুষ্ঠিত হয়, যেখানে সব মিলিয়ে প্রায় ৭ হাজার প্রতিযোগী অংশ নেন।

 

শিবশংকরের জন্ম বাংলাদেশের নবাবগঞ্জে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিভাগ থেকে স্নাতকোত্তর শেষ করে তিনি পাড়ি জমান জার্মানির মিউনিখে। সেখানে ইলেকট্রনিক সামগ্রীর ব্যবসা থাকলেও দৌড়কে তিনি জীবনের অবিচ্ছেদ্য অংশ করে নিয়েছেন। নিউইয়র্ক, শিকাগো, বোস্টন, বার্লিন, টোকিও এবং লন্ডনের মতো বিশ্বের বৃহত্তম ম্যারাথন আসরগুলোতে দৌড়ানোর অভিজ্ঞতা রয়েছে তাঁর ঝুলিতে।

 

দৌড় শেষে স্মৃতিকাতর শিবশংকর জানান, মূলত দুবাই ম্যারাথনে অংশ নেওয়ার পরিকল্পনা থাকলেও সন্তানদের অনুরোধে তিনি কলকাতায় আসেন। তিনি বলেন, ‘এখানে এসে বাংলাদেশের নানা স্মৃতি মনে পড়ছে। স্বামী বিবেকানন্দ আর রবীন্দ্রনাথ ঠাকুর আমার আত্মার গুরু, তাঁদের আদর্শেই আমি অনুপ্রাণিত।’

 

গত ৪ ফেব্রুয়ারি স্ত্রী শিখা পালকে নিয়ে কলকাতায় আসেন এই দৌড়বিদ। আগামী ১৫ ফেব্রুয়ারি তাঁদের জার্মানি ফিরে যাওয়ার কথা রয়েছে। এখনো প্রতিদিন সকালে ১৬ কিলোমিটার এবং ছুটির দিনে ২৫ থেকে ৩০ কিলোমিটার দৌড়ান শিবশংকর। তাঁর মতে, ম্যারাথন নিয়েই তিনি বেঁচে আছেন।

 

ডিবিসি/এনএসএফ

আরও পড়ুন