আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে বাংলাদেশকে বাদ দেওয়ার প্রতিবাদে ভারতের বিপক্ষে ম্যাচ বয়কট করার ঘোষণা দিয়েছে পাকিস্তান। পাকিস্তানের এই সাহসী অবস্থানকে স্বাগত জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ধন্যবাদ জানিয়েছেন বাংলাদেশের যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল।
বুধবার (৪ ফেব্রুয়ারি) ইসলামাবাদে অনুষ্ঠিত ফেডারেল মন্ত্রিসভার বৈঠকে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ আনুষ্ঠানিকভাবে এই সিদ্ধান্তের কথা জানান। তিনি বলেন, খেলার মাঠে কোনো রাজনীতি থাকা উচিত নয়। আমরা খুব ভেবেচিন্তে এই সিদ্ধান্ত নিয়েছি যে, ভারতকে বয়কট করব। আমাদের সম্পূর্ণভাবে বাংলাদেশের পাশে দাঁড়ানো উচিত। আমি মনে করি এটি একটি অত্যন্ত উপযুক্ত সিদ্ধান্ত।
নিরাপত্তা উদ্বেগের কারণে বাংলাদেশ সরকার ক্রিকেট দলকে ভারতে পাঠাতে অস্বীকৃতি জানালে উদ্ভূত পরিস্থিতির সৃষ্টি হয়। পরবর্তীতে আইসিসি বোর্ড সভার ভোটাভুটির মাধ্যমে বাংলাদেশকে টুর্নামেন্ট থেকে বাদ দিয়ে স্কটল্যান্ডকে অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত নেয়। যদিও পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এই সিদ্ধান্তের বিপক্ষে ভোট দিয়েছিল, তবুও সংখ্যাধিক্যের ভিত্তিতে আইসিসি এই কঠোর পদক্ষেপ গ্রহণ করে।
পাকিস্তানের এই সংহতি প্রকাশের পর বাংলাদেশের যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল তার ব্যক্তিগত ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন। সেখানে তিনি লেখেন, 'ধন্যবাদ পাকিস্তান।'
ক্রীড়াঙ্গনে বাংলাদেশের প্রতি আইসিসির এই আচরণের প্রতিবাদে বিশ্ব ক্রিকেটে পাকিস্তানের এই অবস্থান একটি নতুন মাত্রা যোগ করল। বিসিবির পক্ষ থেকে পরবর্তী পদক্ষেপ সম্পর্কে এখনও বিস্তারিত কিছু জানানো না হলেও, ক্রীড়া উপদেষ্টার এই মন্তব্য দুই দেশের মধ্যকার বর্তমান সংহতিকেই স্পষ্ট করছে।
ডিবিসি/এসএফএল