খেলাধুলা, ফুটবল

বাংলাদেশের বিশ্বকাপ খেলার স্বপ্ন দূরে নয়: ক্যানিজিয়া

স্পোর্টস ডেস্ক

ডিবিসি নিউজ

২ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

বিশ্বকাপ এলেই ব্রাজিল-আর্জেন্টিনাকে ঘিরে বিশ্বজুড়ে বাড়তি উত্তেজনা তৈরি হয়। অথচ বিশ্বকাপের মঞ্চে দুই চিরপ্রতিদ্বন্দ্বীর সর্বশেষ দেখা হয়েছিল ১৯৯০ সালে। সেই ম্যাচে আর্জেন্টিনার জয়সূচক গোলটি করেছিলেন ক্লদিও ক্যানিজিয়া। জাতীয় দলের হয়ে ১৬ গোল করা সাবেক এই ফরোয়ার্ড অল্প সময়ের সফরে বাংলাদেশে এসে আজ বিকেলে ফর্টিজ গ্রাউন্ডে স্কুল ফুটবলের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অংশ নেন এবং কথা বলেন নানা বিষয় নিয়ে।

ক্যানিজিয়ার নাম উঠলেই দিয়েগো ম্যারাডোনার প্রসঙ্গও চলে আসে। দুজনের বন্ধুত্ব ছিল গভীর। প্রয়াত বন্ধুকে স্মরণ করে ক্যানিজিয়া বলেন, ‘ডিয়েগো আমার বন্ধু ছিল। আমরা আর্জেন্টাইনরা তাকে ভীষণ মিস করি। জাতীয় দলে আমরা বহু বছর একসঙ্গে খেলেছি। আমি তার চেয়ে কিছুটা ছোট ছিলাম, তাই ছোটবেলা থেকেই তাকে দেখে বড় হয়েছি। বোকা জুনিয়র্সে তার সঙ্গে খেলাটাও ছিল দারুণ অভিজ্ঞতা।’

 

ম্যারাডোনার সঙ্গে তার সেই বিখ্যাত চুমুর ঘটনাটিও এখনও ফুটবলবিশ্বে আলোচিত। বিষয়টি নিয়ে ক্যানিজিয়া বলেন, ‘ওই চুমুর ঘটনাটি আসলে খুবই স্বাভাবিক ছিল। সে করতে চেয়েছিল, আমরা করেছি। এর মধ্যে অন্য কিছু ছিল না। এটি ছিল দুই বন্ধুর বন্ধুত্বপূর্ণ চুমু।’

 

বাংলাদেশে আর্জেন্টিনার বিপুলসংখ্যক সমর্থক রয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমের যুগে বিষয়টি আরও বেশি আলোচনায় এলেও ক্যানিজিয়া জানান, বাংলাদেশের আর্জেন্টিনা-ভালোবাসার কথা তিনি বহু আগে থেকেই জানেন। তিনি বলেন, ‘১৯৮৬ সালের পর থেকেই আমি জানি, বাংলাদেশের মানুষ আর্জেন্টিনা ও ব্রাজিলকে অনুসরণ করে। প্রথমবার বাংলাদেশে এসে মানুষের কাছাকাছি থেকে তাদের ভালোবাসা দেখার সুযোগ পাওয়া আমার জন্য দারুণ আনন্দের। বিশ্বের বিভিন্ন জায়গায় আর্জেন্টিনার সমর্থক আছে, কিন্তু বাংলাদেশের মানুষের মতো এত আবেগ ও ভালোবাসা খুব কম জায়গাতেই দেখা যায়।’

বাংলাদেশ এখনও বিশ্বকাপে খেলতে পারেনি। তবে বিশ্বকাপ এলেই বাংলাদেশি সমর্থকদের উন্মাদনা আন্তর্জাতিক পর্যায়েও আলোচনায় আসে। তাই স্বাভাবিকভাবেই প্রশ্ন ওঠে-বাংলাদেশ কবে বিশ্বকাপের মঞ্চে দেখা যাবে? এ বিষয়ে আশাবাদী ক্যানিজিয়া।

 

তিনি বলেন, ‘বিশ্বকাপে জায়গা করে নেওয়া সব সময়ই কঠিন। তবে আমি আশা করি, বাংলাদেশ আগের চেয়ে আরও ভালো করবে এবং এগিয়ে যাবে। বিশ্বকাপে এখন ৪৮টি দল খেলছে। ভবিষ্যতে হয়তো আরও বেশি দল খেলবে। ফলে বাংলাদেশের সামনে সুযোগ তৈরি হতে পারে। আমার বিশ্বাস, বাংলাদেশও একদিন বিশ্বকাপে খেলবে।’

 

ঢাকা আন্তঃস্কুল চ্যাম্পিয়নস লিগের ফাইনালের বিজয়ীদের হাতে ট্রফি তুলে দিতেই বাংলাদেশে এসেছিলেন ক্যানিজিয়া। বৃষ্টির কারণে পুরো ম্যাচটি দেখতে না পারলেও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তিনি। ফাইনালে বাংলাদেশ ইন্টারন্যাশনাল টিউটোরিয়ালকে (বিআইটি) হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে নৌবাহিনী কলেজ।

 

ডিবিসি/ আরএফই

আরও পড়ুন