ভারতের বিহার রাজ্য এবং দেশের স্বার্থের পরিপন্থী উল্লেখ করে বাংলাদেশের সঙ্গে ১৯৯৬ সালের ফারাক্কা পানি বণ্টন চুক্তি নবায়ন না করার জন্য কেন্দ্রীয় সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন জনতা দল ইউনাইটেডের (জেডিইউ) জাতীয় কার্যকরী সভাপতি ও রাজ্যসভার সদস্য (এমপি) সঞ্জয় কুমার ঝা। বৃহস্পতিবার রাজ্যসভায় বিষয়টি উত্থাপন করে তিনি এই দাবি জানান।
সঞ্জয় ঝা জানান, আগামী ১২ ডিসেম্বর এই চুক্তির মেয়াদ শেষ হতে চলেছে। তার দাবি, এই চুক্তির ফলে বিহারের কৃষিকাজ, সেচ ব্যবস্থা ও পানীয় জলের সরবরাহে মারাত্মক নেতিবাচক প্রভাব পড়েছে।
তিনি বলেন, শুষ্ক মৌসুমে যখন বিহারেরই গঙ্গার পানির তীব্র প্রয়োজন হয়, তখন তা বাংলাদেশে ছেড়ে দেওয়ায় রাজ্যটিকে ভয়াবহ পানি সংকটের মুখে পড়তে হয়। কলকাতা বন্দরের নাব্যতা বজায় রাখার উদ্দেশ্যে হুগলি নদীতে ফারাক্কা বাঁধ নির্মাণ করা হলেও এর ফলে শুষ্ক মৌসুমে বিহারে তীব্র পানিকষ্ট দেখা দেয়, ভূগর্ভস্থ পানির স্তর নিচে নেমে যায় এবং কৃষি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়।
বিগত দশকগুলোর অভিজ্ঞতা তুলে ধরে জেডিইউ নেতা আরও বলেন, দক্ষিণ বিহারের অনেক অংশে ভূগর্ভস্থ পানির স্তর ক্রমশ নামছে এবং সেচ ও পানীয় জলের সমস্যা প্রকট আকার ধারণ করছে। তাই মেয়াদ শেষে ডিসেম্বরে চুক্তিটি আর নবায়ন করা উচিত নয়। এর পরিবর্তে গঙ্গা অববাহিকায় অবস্থিত সব কটি রাজ্যের চাহিদার বিষয়ে একটি বিস্তৃত বৈজ্ঞানিক মূল্যায়নের ভিত্তিতে নতুন কোনো পানি বণ্টন কাঠামো তৈরি করতে তিনি কেন্দ্রীয় সরকারের প্রতি জোর দাবি জানান।
ডিবিসি/এসডব্লিউএন