আন্তর্জাতিক, ভারত

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও গভীর করতে চায় ভারত: রণধীর জয়সওয়াল

আন্তর্জাতিক ডেস্ক

ডিবিসি নিউজ

৪ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

বাংলাদেশে নতুন সরকার গঠনের পর দুই দেশের বহুমুখী সম্পর্ক আরও সুদৃঢ় করার আশাবাদ ব্যক্ত করেছে ভারত। একইসঙ্গে প্রতিবেশী দেশটিতে একটি গণতান্ত্রিক ও অন্তর্ভুক্তিমূলক রাজনৈতিক প্রক্রিয়ার প্রতি নিজেদের সমর্থনের কথা পুনর্ব্যক্ত করেছে নয়াদিল্লি।

শুক্রবার (২০ ফেব্রুয়ারি) ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের (এমইএ) মুখপাত্র রণধীর জয়সওয়াল এক সংবাদ সম্মেলনে এসব কথা জানান। তিনি বলেন, বাংলাদেশের সাম্প্রতিক নির্বাচনে বিজয়ী হওয়ার পর প্রধানমন্ত্রী তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।


পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জানান, গত ১৭ ফেব্রুয়ারি ঢাকায় নতুন সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন ভারতের লোকসভার স্পিকার ওম বিড়লা। সেখানে তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রীর কাছে নরেন্দ্র মোদীর একটি বিশেষ চিঠি হস্তান্তর করেন এবং দ্বিপাক্ষিক বৈঠক করেন।


রণধীর জয়সওয়াল বলেন, “প্রধানমন্ত্রী মোদীর চিঠিতে একটি গণতান্ত্রিক, প্রগতিশীল এবং অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশের প্রতি ভারতের প্রতিশ্রুতি ও সমর্থনের বিষয়টি স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে।”


নয়াদিল্লি দুই দেশের মধ্যকার ঐতিহাসিক ঘনিষ্ঠ সম্পর্ককে ভিত্তি করে নতুন প্রশাসনের সঙ্গে নিবিড়ভাবে কাজ করতে আগ্রহী। মুখপাত্রের ভাষ্যমতে, ভারত বাংলাদেশের সঙ্গে সব ধরনের দ্বিপাক্ষিক বিষয়ে আলোচনা করতে প্রস্তুত। দুই দেশের বহুমুখী সম্পর্ককে আরও শক্তিশালী করতে এবং সহযোগিতার ক্ষেত্রগুলোকে এগিয়ে নিতে ভারত প্রতিশ্রুতিবদ্ধ। একটি স্থিতিশীল ও গণতান্ত্রিক পরিবেশ বজায় রাখতে ভারতের পক্ষ থেকে সব ধরনের কূটনৈতিক সহযোগিতা অব্যাহত থাকবে।


দীর্ঘদিন ধরে চলে আসা বাণিজ্যিক, সাংস্কৃতিক ও কৌশলগত সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যাওয়াই এখন ভারতের মূল লক্ষ্য বলে সংবাদ সম্মেলনে জানান তিনি।


সূত্র: ট্রিবিউন নিউজ


ডিবিসি/এসএফএল

আরও পড়ুন