বাংলাদেশ, রাজনীতি, রাজধানী

বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় নেত্রী ছিলেন বেগম খালেদা জিয়া: আবদুল্লাহ তাহের

ডেস্ক নিউজ

ডিবিসি নিউজ

মঙ্গলবার ৩০শে ডিসেম্বর ২০২৫ ০৯:৫২:২৬ অপরাহ্ন
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমীর সৈয়দ আবদুল্লাহ মুহাম্মদ তাহের মন্তব্য করেছেন যে, বর্তমান সময় পর্যন্ত হিসাব করলে বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে সবচেয়ে জনপ্রিয় নেত্রী ছিলেন বেগম খালেদা জিয়া।

বিএনপি চেয়ারপারসনের মৃত্যুতে পুরো জাতি আজ প্রশ্নহীনভাবে ঐক্যবদ্ধ হয়ে তার প্রতি শোক ও শ্রদ্ধা জানাচ্ছে বলে তিনি উল্লেখ করেন।

 

আজ মঙ্গলবার (৩০শে ডিসেম্বর) রাত পৌনে আটটার দিকে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে গিয়ে শোক বইয়ে স্বাক্ষর করার পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

 

বেগম জিয়ার রাজনৈতিক জীবনের স্মৃতিচারণ করে জামায়াতের এই জ্যেষ্ঠ নেতা বলেন, ম্যাডাম খালেদা জিয়া ছিলেন মানুষের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে একজন আপসহীন নেত্রী। তার রাজনৈতিক সংগ্রাম এবং জীবনের প্রতিটি পদক্ষেপে তিনি এর প্রমাণ রেখেছেন। তিনি একজন অত্যন্ত দেশপ্রেমিক মানুষ ছিলেন, যিনি কোনো বড় প্রতিবেশী রাষ্ট্রের সঙ্গে দেশের স্বার্থের প্রশ্নে কখনোই আপস করেননি। এই আপসহীনতার কারণেই তাকে দীর্ঘ সময় রাজনৈতিক নিপীড়নের শিকার হতে হয়েছে।

 

আবদুল্লাহ মুহাম্মদ তাহের আরও বলেন, বেগম খালেদা জিয়া সর্বোচ্চ সম্মান এবং মানুষের অকৃত্রিম ভালোবাসা নিয়েই মৃত্যুবরণ করেছেন। তার অসুস্থতার সময় সকল দল ও মতের মানুষ অত্যন্ত উদ্বেগের সঙ্গে তার সুস্থতা কামনা করেছিলেন এবং ঐক্যবদ্ধ হয়েছিলেন। রাজনৈতিক জীবনে তিনি ছিলেন একজন সফল ব্যক্তিত্ব। জাতির প্রতি তার যে গভীর দেশপ্রেম ছিল, তা অনুসরণ করেই দেশের মানুষ ভবিষ্যতে তাদের দায়িত্ব পালন করবে।

 

উল্লেখ্য, রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আজ মঙ্গলবার সকাল ৬টায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। কাল বুধবার (৩১শে ডিসেম্বর) বাদ জোহর জাতীয় সংসদের দক্ষিণ প্লাজা ও সংলগ্ন মানিক মিয়া অ্যাভিনিউয়ে তার জানাজা অনুষ্ঠিত হবে। জানাজা শেষে তাকে তার স্বামী, সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের পাশে দাফন করা হবে।

 

ডিবিসি/এএমটি

আরও পড়ুন