ডারউইনে প্রথম টেস্টে ৯ উইকেটের বড় হারের পর ঘুরে দাঁড়ানোর লক্ষ্যে দ্বিতীয় টেস্টের স্কোয়াডে পরিবর্তন এনেছে অস্ট্রেলিয়া। ১৩ সদস্যের এই দলে একমাত্র পরিবর্তন হিসেবে জেক ওয়েদারাল্ডকে বাদ দিয়ে প্রায় তিন বছর পর ম্যাট রেনশকে দলে ডেকেছে ক্রিকেট অস্ট্রেলিয়া। এক সংক্ষিপ্ত বিবৃতির মাধ্যমে ওয়েদারাল্ডের বাদ পড়ার বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
প্রথম টেস্টে ব্যাট হাতে চরম ব্যর্থতার কারণেই মূলত ওয়েদারাল্ডকে দল থেকে বাদ দেওয়া হয়েছে। বাংলাদেশের বিপক্ষে ওই ম্যাচের দুই ইনিংসে তিনি যথাক্রমে ২৩ ও ০ রান করেন এবং উভয় ইনিংসেই পেসার হাসান মাহমুদের বলে আউট হন। গত অ্যাশেজসহ অস্ট্রেলিয়ার হয়ে খেলা ছয়টি টেস্টে ২০.৩৬ গড়ে তার মোট সংগ্রহ মাত্র ২২৪ রান।
অন্যদিকে, ২০২৩ সালের পর আবারও টেস্ট দলে সুযোগ পেলেন ম্যাট রেনশ। চলতি সিরিজের আগে ব্রিসবেনে অস্ট্রেলিয়া দলের সঙ্গে অনুশীলন করে স্ট্যান্ডবাই হিসেবে ছিলেন তিনি। গত শেফিল্ড শিল্ড মৌসুমে ৩টি সেঞ্চুরিসহ ৪৯.৯০ গড়ে রান করে তিনি নির্বাচকদের নজর কাড়েন। এখন পর্যন্ত খেলা ১৪টি টেস্টে ২৯.৩১ গড়ে তার সর্বোচ্চ ইনিংস ১৮৪ রানের। ম্যাকেইতে হতে যাওয়া দ্বিতীয় টেস্টের একাদশে সুযোগ পেলে এটি হবে তার ক্যারিয়ারের ১৫তম টেস্ট।
দ্বিতীয় টেস্টের জন্য ঘোষিত অস্ট্রেলিয়ার ১৩ সদস্যের স্কোয়াডে রয়েছেন: প্যাট কামিন্স (অধিনায়ক), ট্রাভিস হেড, ম্যাট রেনশ, মার্নাস লাবুশেন, স্টিভেন স্মিথ, ক্যামেরন গ্রিন, অ্যালেক্স ক্যারি, বিউ ওয়েবস্টার, মিচেল স্টার্ক, নাথান লায়ন, জশ হ্যাজেলউড, জশ ইংলিস এবং স্কট বোল্যান্ড।
ডিবিসি/পিআরএএন