বাংলাদেশের নতুন সরকারের সাথে ভারতের সম্পর্ক আগামীতে আরও গভীর হবে এবং অচিরেই টুরিস্ট ভিসা চালু করা হবে বলে জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত ভারতের নতুন হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। শুক্রবার সকালে বেনাপোল বন্দর দিয়ে ঢাকায় যাওয়ার পথে বেনাপোল ইমিগ্রেশনে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এসব কথা বলেন।
সীমান্ত পরিস্থিতি নিয়ে হাইকমিশনার বলেন, ভারতের দিল্লিতে বিএসএফ এবং বিজিবি পর্যায়ের বৈঠকে পুশইন বিষয়ে সফল আলোচনা হয়েছে। এর ফলে এখন থেকে বর্ডারে আর কোনো উত্তেজনা থাকবে না। তিনি আরও বলেন, ভারতের ১৪০ কোটি জনগণের সাথে বাংলাদেশের ২০ কোটি জনগণকে নিয়ে আগামী প্রজন্ম একসঙ্গে এগিয়ে যাবে। ভবিষ্যতে বাংলাদেশ ও ভারত যৌথভাবে বিশ্বের আইটি সেক্টরের নেতৃত্ব দেবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।
দুই দেশের জনগণের ঐক্যের বিষয়ে দীনেশ ত্রিবেদী বলেন, "শুধু ভারতের ১৪০ কোটি মানুষই নয়, আমি এর সঙ্গে বাংলাদেশের আরও ২০ কোটি মানুষকেও যুক্ত করছি। ১৬০ কোটি মানুষের জন্য যা কিছু মঙ্গলজনক, আমি নিশ্চিত যে বাংলাদেশের মানুষ আমাকে আশীর্বাদ করবেন; যাতে আমরা একসঙ্গে থাকতে পারি এবং আমরা যা অর্জন করতে যাচ্ছি, তাতে যেন সফল হই।"
উল্লেখ্য, গত ২০২৪ সালের এপ্রিল মাসে ভারত সরকার ভারতের সাবেক রেলমন্ত্রী, ব্যারাকপুরের সাবেক এমএলএ এবং বিজেপি নেতা দীনেশ ত্রিবেদীকে বাংলাদেশের ১৮তম হাইকমিশনার হিসেবে নিয়োগ দেয়। তিনি বিদায়ী হাইকমিশনার প্রণয় ভার্মার স্থলাভিষিক্ত হলেন। এর আগে, গত ৫ জুন ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর কাছ থেকে তিনি বাংলাদেশে ভারতের হাইকমিশনার হিসেবে নিজের পরিচয়পত্র গ্রহণ করেন।
শুক্রবার বেনাপোল বন্দর দিয়ে বাংলাদেশে আসার সময় তাঁর সাথে ছিলেন সহধর্মিণী মৃণাল ত্রিবেদী। ভারতীয় দূতাবাসের কর্মকর্তাদের পাশাপাশি বেনাপোল বন্দরের কর্মকর্তারা ইমিগ্রেশনে তাঁকে ফুল দিয়ে উষ্ণ স্বাগত জানান। সব আনুষ্ঠানিকতা শেষে দুপুর ১২টা ৩০ মিনিটে তিনি সড়কপথে ঢাকার উদ্দেশে রওনা দেন।
ডিবিসি/টিবিএ