আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) ‘ওয়ার্ল্ড ইকোনমিক আউটলুক এপ্রিল ২০২৬’ প্রতিবেদনে বিশ্ব অর্থনীতিতে নতুন মাইলফলক স্পর্শ করেছে বাংলাদেশ। ৫১১ বিলিয়ন মার্কিন ডলারের মোট দেশজ উৎপাদন (জিডিপি) নিয়ে বৈশ্বিক অর্থনীতির তালিকায় ৩৭তম অবস্থানে উঠে এসেছে দেশটি। একইসঙ্গে বিশ্বের মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশগুলোর মধ্যে বাংলাদেশ এখন ষষ্ঠ বৃহত্তম অর্থনৈতিক শক্তি।
আইএমএফের তথ্য অনুযায়ী, মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশগুলোর মধ্যে ১.৬৪ ট্রিলিয়ন ডলারের জিডিপি নিয়ে শীর্ষ অবস্থানে রয়েছে তুরস্ক। এরপর যথাক্রমে রয়েছে ইন্দোনেশিয়া (১.৫৪ ট্রিলিয়ন ডলার) এবং সৌদি আরব (১.৩৮ ট্রিলিয়ন ডলার)। তালিকায় ৬২১ বিলিয়ন ডলার নিয়ে চতুর্থ স্থানে সংযুক্ত আরব আমিরাত এবং ৫১৬ বিলিয়ন ডলার নিয়ে পঞ্চম স্থানে রয়েছে মালয়েশিয়া।
এর ঠিক পরেই ৫১১ বিলিয়ন ডলারের জিডিপি নিয়ে ষষ্ঠ শক্তিশালী অর্থনীতি হিসেবে জায়গা করে নিয়েছে বাংলাদেশ। এই অসামান্য অর্জনের মধ্য দিয়ে বাংলাদেশ এখন মিশর (৪৩০ বিলিয়ন ডলার) ও পাকিস্তানকে (৪০৮ বিলিয়ন ডলার) পেছনে ফেলে এগিয়ে গেছে।
অন্যদিকে, বৈশ্বিক অর্থনীতির সার্বিক তালিকায় শীর্ষ অবস্থান ধরে রেখেছে যুক্তরাষ্ট্র ও চীন। উন্নত আর্থিক ব্যবস্থা, প্রযুক্তিগত উদ্ভাবন এবং বৈশ্বিক রিজার্ভ মুদ্রা হিসেবে ডলারের আধিপত্যের কারণে যুক্তরাষ্ট্রের জিডিপি ৩০ ট্রিলিয়ন ডলার ছাড়িয়েছে। পাশাপাশি শিল্প উৎপাদন, রফতানিনির্ভর খাত, বিশাল ভোক্তা বাজার ও প্রযুক্তিগত অগ্রগতির ওপর ভর করে ১৯.৫৩৪ ট্রিলিয়ন ডলারের জিডিপি নিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে চীন।
অর্থনীতিবিদ ও বিশ্লেষকদের মতে, বাংলাদেশের এই অগ্রগতি মূলত দেশের রফতানি আয়, রেমিট্যান্স বা প্রবাসী আয়, অবকাঠামোগত উন্নয়ন এবং ধারাবাহিক অর্থনৈতিক প্রবৃদ্ধিরই ইতিবাচক প্রতিফলন। তবে দীর্ঘমেয়াদে এই শক্তিশালী অবস্থান ধরে রাখতে বিনিয়োগ বৃদ্ধি, কর্মসংস্থান সম্প্রসারণ এবং আর্থিক খাতের স্থিতিশীলতা নিশ্চিত করার ওপর জোর দিয়েছেন তারা।
সূত্র: ফিনটেক নিউজ
ডিবিসি/এফএইচআর