পাকিস্তানের বিপক্ষে সিলেট টেস্টে ৭৮ রানে জিতে দুই ম্যাচের সিরিজে সফরকারীদের ২-০ ব্যবধানে ধবলধোলাই করেছে বাংলাদেশ। নাজমুল-নাহিদদের এমন দাপুটে ও ঐতিহাসিক পারফরম্যান্সে মুগ্ধ হয়ে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি স্ট্যাটাস দিয়েছেন পাকিস্তানের কিংবদন্তি পেসার ও ‘সুলতান অব সুইং’ ওয়াসিম আকরাম।
১০৪ টেস্টে ৪১৪ উইকেটের মালিক সাবেক এই বাঁহাতি পেসার বর্তমান বাংলাদেশ দলকে যেন নতুন করে আবিষ্কার করেছেন এবং বাংলাদেশের উদীয়মান পেসার নাহিদ রানার বোলিংয়ের ভূয়সী প্রশংসা করেছেন।
নিজের স্ট্যাটাসে হতাশা ও মুগ্ধতার মিশ্রণ ঘটিয়ে ৫৯ বছর বয়সী এই কিংবদন্তি লেখেন, ‘বাংলাদেশের বিপক্ষে পাকিস্তানের টানা দ্বিতীয় হার দেখাটা সত্যিই হতাশাজনক। তবে বিজয়ীদের পুরো কৃতিত্ব দিতেই হবে। কারণ, তারা “কমপ্লিট” ক্রিকেট খেলেছে।’ বাংলাদেশের ক্রিকেট সংস্কৃতির ইতিবাচক পরিবর্তনের চিত্র তুলে ধরে তিনি আরও লেখেন, ‘একসময় বাংলাদেশের উইকেট মানেই ছিল মন্থর, নিচু বাউন্স আর স্পিন-সহায়ক। কিন্তু উদীয়মান পেসারদের সহায়তায় এখন তারা চমৎকার টেস্ট উইকেট বানাচ্ছে, যারা গতিতে পাকিস্তানকেই টেক্কা দিয়েছে।’ টেস্ট সংস্করণে সেরা দলগুলোর সঙ্গে লড়াই করতে বাংলাদেশ এখন পুরোপুরি প্রস্তুত উল্লেখ করে তিনি যোগ করেন, ‘আর নাহিদ রানা, কী অসাধারণ এক প্রতিভা! তার বোলিং চোখজুড়ানো। অভিনন্দন বাংলাদেশ!’
দুই টেস্টের এই সিরিজে ব্যাটে-বলে মাঠের নিয়ন্ত্রণে ছিল বাংলাদেশ, যেখানে সর্বোচ্চ রান ও উইকেটের তালিকায় রাজত্ব করেছেন টাইগার ক্রিকেটাররাই। দুই টেস্টে সর্বোচ্চ ১৩টি উইকেট নিয়েছেন বাংলাদেশের স্পিনার তাইজুল ইসলাম। আর ১১টি উইকেট নিয়ে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছেন নাহিদ রানা, যিনি কেবল উইকেটই নেননি, বরং গতি দিয়ে পাকিস্তানের ব্যাটারদের মনে রীতিমতো ভয় ধরিয়েছেন। অন্যদিকে ব্যাটিংয়ে ২৫৩ রান নিয়ে শীর্ষে আছেন মুশফিকুর রহিম এবং ২৩৯ রান করে দ্বিতীয় স্থানে রয়েছেন লিটন দাস।
ডিবিসি/এফএইচআর