বিশ্বের সবচেয়ে শক্তিশালী পাসপোর্ট সূচকে তিন ধাপ এগিয়ে ৯৭তম স্থানে উঠে এসেছে বাংলাদেশ। ২০২৬ সালের মাঝামাঝি সময়ে যুক্তরাজ্যভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান হেনলি অ্যান্ড পার্টনার্স প্রকাশিত সর্বশেষ সূচকে যৌথভাবে বাংলাদেশের সঙ্গে একই ৯৭তম অবস্থানে রয়েছে উত্তর কোরিয়া। প্রতিষ্ঠানটির ওয়েবসাইটে প্রকাশিত তথ্য অনুযায়ী, বিশ্বের ১৯৯টি দেশের পাসপোর্ট ও ২২৭টি ভ্রমণ গন্তব্য বিবেচনা করে অগ্রিম ভিসা ছাড়া বা ভিসামুক্ত সুবিধার ভিত্তিতে এই তালিকা তৈরি করা হয়েছে। এবারের সূচকেও শীর্ষ স্থান ধরে রেখেছে সিঙ্গাপুর এবং তালিকার সর্বনিম্ন অর্থাৎ ১০৪তম স্থানে রয়েছে আফগানিস্তান।
প্রকাশিত তথ্যে দেখা যায়, বর্তমানে বাংলাদেশ ও উত্তর কোরিয়ার নাগরিকেরা অগ্রিম ভিসা ছাড়া বিশ্বের ৩৫টি দেশে ভ্রমণ করতে পারেন। যদিও গত বছর বাংলাদেশের পাসপোর্টধারীরা ৩৭টি দেশে ভিসামুক্ত সুবিধা পেতেন এবং সূচকে বাংলাদেশের অবস্থান ছিল ১০০তম। এর আগে ২০২৪ সালে বাংলাদেশ ৯৭তম, ২০২০ সালে ৯৮তম এবং ২০২১, ২০২২ ও ২০২৩ সালে যথাক্রমে ১০৮তম, ১০৩তম ও ১০১তম স্থানে ছিল। অন্যদিকে ২০২৫ সালের সূচকে উত্তর কোরিয়ার অবস্থান ছিল ৯৯তম।
এবারের সূচকে শীর্ষে থাকা সিঙ্গাপুরের পাসপোর্টধারীরা ১৯২টি দেশে অগ্রিম ভিসা ছাড়া ভ্রমণ করতে পারেন। ১৮৮টি দেশে ভিসামুক্ত সুবিধার সুযোগ নিয়ে দ্বিতীয় স্থানে যৌথভাবে রয়েছে এশিয়ার তিন দেশ, জাপান, দক্ষিণ কোরিয়া ও সংযুক্ত আরব আমিরাত। তৃতীয় স্থানে রয়েছে সুইডেন (১৮৭টি দেশ)। এছাড়া ইউরোপের বেলজিয়াম, ডেনমার্ক, ফিনল্যান্ড, ফ্রান্স, জার্মানি, আয়ারল্যান্ড, ইতালি, লুক্সেমবার্গ, নেদারল্যান্ডস, নরওয়ে ও স্পেন যৌথভাবে চতুর্থ (১৮৬টি দেশ) এবং অস্ট্রিয়া, গ্রিস, মাল্টা, পর্তুগাল ও সুইজারল্যান্ড রয়েছে পঞ্চম স্থানে (১৮৫টি দেশ)। ষষ্ঠ স্থানে হাঙ্গেরি, পোল্যান্ড ও যুক্তরাজ্য (১৮৪টি দেশ); সপ্তম স্থানে অস্ট্রেলিয়া, কানাডা, চেক প্রজাতন্ত্র, লাটভিয়া, মালয়েশিয়া, নিউজিল্যান্ড, স্লোভাকিয়া ও স্লোভেনিয়া (১৮৩টি দেশ); অষ্টম স্থানে ক্রোয়েশিয়া ও এস্তোনিয়া (১৮২টি দেশ); নবম স্থানে লিচেনস্টেইন ও লিথুানিয়া (১৮১টি দেশ) এবং দশম স্থানে যৌথভাবে রয়েছে আইসল্যান্ড ও যুক্তরাষ্ট্র (১৮০টি দেশ)।
বিশ্বের অন্যান্য দেশের মধ্যে লাতিন আমেরিকার ব্রাজিল ও আর্জেন্টিনা যৌথভাবে ১৬তম (১৬৯টি দেশ), যুদ্ধরত ইউক্রেন ৩১তম (১৪২টি দেশ) ও রাশিয়া ৪২তম (১১৪টি দেশ), ইসরায়েল ১৮তম (১৬৬টি দেশ), এবং ইরান ও ফিলিস্তিন যৌথভাবে ৯৬তম স্থানে (৩৭টি দেশ) রয়েছে। এছাড়া মধ্যপ্রাচ্যের সৌদি আরব ৫৪তম, চীন ও কসভো যৌথভাবে ৬০তম (৮৩টি দেশ) এবং হাইতি ও ভিয়েতনাম ৮৭তম স্থানে অবস্থান করছে। দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে সবচেয়ে শক্তিশালী পাসপোর্টের অধিকারী মালদ্বীপ (৫২তম, ৯৩টি দেশ)। এই অঞ্চলে এরপর ভারত ৮১তম (৫৫টি দেশ), ভুটান ৮৮তম (৪৭টি দেশ), মিয়ানমার ৯১তম (৪৩টি দেশ) এবং শ্রীলঙ্কা ৯৪তম স্থানে (৩৯টি দেশ) রয়েছে। বাংলাদেশের ঠিক পেছনে নেপাল ৯৮তম (৩৪টি দেশ) এবং পাকিস্তান রয়েছে ১০১তম স্থানে (২৯টি দেশ)। আর তালিকার সবচেয়ে নিচে থাকা ২২টি দেশে ভিসামুক্ত সুবিধা পাওয়া আফগানিস্তানের ঠিক ওপরে অবস্থান করছে সিরিয়া (১০৩তম, ২৫টি দেশ) ও ইরাক (১০২তম, ২৮টি দেশ)।
ডিবিসি/এফএইচআর