আন্তর্জাতিক, ভারত

'বাংলাদেশ থেকে ভারতে আসা সবাইকে নাগরিকত্বের জন্য আবেদন করতে হবে'

মো. হামিদুর রহমান

ডিবিসি নিউজ

শনিবার ১৮ই জানুয়ারী ২০২০ ১০:৩৭:০৩ অপরাহ্ন
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

ভারতের পশ্চিমবঙ্গের বিজেপি সভাপতি দিলীপ ঘোষ এমপি বলেছেন, বাংলাদেশ থেকে ভারতে আসা প্রত্যেককে নাগরিকত্বের জন্য আবেদন করতে হবে।

গতকাল শুক্রবার তিনি হাওড়ায় সংশোধিত নাগরিকত্ব আইনের সমর্থনে ‘অভিনন্দন যাত্রা’ কর্মসূচিতে বক্তব্য রাখার সময়ে ওই মন্তব্য করেন।

দিলীপ ঘোষ বলেন, আধার কার্ড, ভোটার কার্ড নাগরিকত্বের প্রমাণ নয়। যদি আপনি পাসপোর্ট করতে যান, আপনার আসল নথি চাইলে দিতে পারবেন না। ওই আবেদন গ্রহণ করা হবে না। অতএব আপনি নাগরিক নন। তাই বাংলাদেশ থেকে আসা প্রত্যেকটি মানুষকে নাগরিকত্ব নিতে হবে। এজন্য আবেদন করতে হবে। ফর্ম ফিলাপ করতে হবে।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম না করে দিলীপ ঘোষ বলেন, দিদিমণি বলছেন আপনারা ফর্ম ফিলাপ করবেন না। খবরদার ওনার চক্করে পড়বেন না। সেই ব্যবসায়ীদের জিজ্ঞেস করুন যারা জিএসটিতে রেজিস্ট্রেশন করেনি বলে পরে ফাইন দিয়েছিল। এভাবে আবার বাঙালিকে বোকা বানাবার চেষ্টা করা হচ্ছে।

তিনি বলেন, মোদিজি সময় দেবেন তিন/চার মাস। সেই তিন/চার  মাসের মধ্যে সংশোধিত নাগরিকত্ব আইন অনুযায়ী আপনাকে ফর্ম ফিলাপ করতে হবে। এজন্য কোনও নথিপত্র লাগবে না। আপনি বলে দেবেন যে আমি অমুক তারিখে ভারতবর্ষে এসেছি। আমার বাবার নাম অমুক ছিল। সাতক্ষীরায় অমুক জায়গায় আমার বাড়ি ছিল। এটা প্রমান্য দলিল। কোনও নথি লাগবে না। আপনি যেদিন ভারতে এসেছেন বলবেন সেই দিন থেকে আপনি নাগরিক। কেউ ’৮০ সালে, কেউ ’৭৫ সালে এসেছেন, কেউ ’৮৫ সালে এসেছেন। আপনি আপনার ঠিক তারিখ লিখবেন। ২০১৪ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত যারা চলে এসেছিলেন তাঁদেরকে নাগরিকত্ব দেওয়া হবে। সেজন্য আপনার কথাই শেষ কথা।

বিরোধীদের উদ্দেশ্যে তিনি বলেন, ওঁরা ভয় দেখাচ্ছেন, বাপের জন্ম তারিখ, মায়ের জন্ম তারিখ লাগবে বলে। কিন্তু কোনও মা-বাপের জন্ম তারিখ লাগবে না। আমাদের মা-বাপ ঠিক আছে। চিন্তার কিছু নেই। যাদের মা-বাপের ঠিক নেই তাঁদের চিন্তা আছে। তাঁরাই লোককে ভুল বোঝাচ্ছে। তাঁদেরকে বলুন আগে মা-বাপ ঠিক করো।

বিজেপি ও সাধারণ হিন্দু সমাজের কোনও চিন্তা নেই। আর যদি কেউ কিছু বলে আমরা আছি’ বলেও রাজ্য বিজেপি সভাপতি ও সংসদ সদস্য  দিলীপ ঘোষ মন্তব্য করেন।   দিলীপ ঘোষের ওই মন্তব্যের তীব্র সমালোচনা করেছেন সিপিএম নেতা ও বিধায়ক সুজন চক্রবর্তী, তৃণমূল বিধায়ক তাপস রায়, কংগ্রেস নেতা আবদুল মান্নান প্রমুখ।

আরও পড়ুন