আন্তর্জাতিক, ভারত

বাংলাদেশ নামের যে গ্রামটি নজর কেড়েছে পর্যটকদের

আন্তর্জাতিক ডেস্ক

ডিবিসি নিউজ

মঙ্গলবার ২৩শে মে ২০২৩ ০৪:৩১:৪৪ পূর্বাহ্ন
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

ভ্রমণ করতে কার না ভালো। দেশে ও বিদেশে বিভিন্ন দর্শনীয় জায়গাতে ব্যক্তিগত উদ্দেশ্যে, অফিশিয়াল কাজে বা পরিবারকে সময় দিতে ঘুরতে যান অনেকেই।

এর মধ্যে কাশ্মীর এখন ভ্রমণ গন্তব্য হিসেবে বাংলাদেশের মানুষের খুব পছন্দের এক জায়গা। তবে যারা কাশ্মীর ভ্রমণে যান, তাদের অনেকেরই হয়তো জানা নেই সেখানে একটি গ্রাম আছে, যার নাম বাংলাদেশ। কাশ্মীরের বান্দিপোরা শহর থেকে প্রায় ৩০ কিলোমিটার দূরে এর অবস্থান।

উলার হ্রদের ধারে অবস্থিত গ্রামটির জনসংখ্যা ৩০০-এর মতো। জলপ্রপাতে ভরা, পর্বতঘেরা জায়গাটিতে যাওয়াও তেমন কঠিন ব্যাপার নয়। বান্দিপোরা-সপোরা রোড ধরে গেলে সেখানে পৌঁছে যেতে পারবেন। অসাধারণ প্রাকৃতিক সৌন্দর্যের জন্য ক্রমেই পর্যটকদের নজর কাড়ছে। বাড়তি পাওয়া হলো উলার হ্রদে মাছ শিকার, নৌভ্রমণ ও পাখি দেখার সুযোগ।

এবার বরং গ্রামটির নাম বাংলাদেশ কীভাবে হলো তা জেনে নেওয়া যাক। এখন যেখানে গ্রামটি, সেখান থেকে কিছুটা দূরে জুরিমন নামে একটি গ্রাম ছিল। ১৯৭১ সালে ওই গ্রামে বড় একটা অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে সেখানকার বাসিন্দারা আশ্রয়হীন হয়ে পড়েন। পোড়া জায়গাটা থেকে কিছুটা দূরে সুবিধামতো একটি জায়গা বেছে নিয়ে আবার নতুন করে ঘরবাড়ি বানাতে শুরু করেন গ্রামবাসী।

এ সময়ই তৎকালীন পশ্চিম পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধে জয়ী হয়ে স্বাধীন বাংলাদেশ রাষ্ট্রের জন্ম হয়। এদিকে নতুন আশায় বুক বাধা সেই জুরিমনের বাসিন্দারা তাদের নতুন বসতির নাম রাখেন সদ্য স্বাধীন দেশ বাংলাদেশের নামে। খবর- এএনআই, টাইমস অব ইন্ডিয়া’র।

অনেকগুলো বছর সরকারি নথিতে ছিল না গ্রামটির নাম। তবে বান্দিপোরা ডিসি অফিস ২০১০ সালে এর বাংলাদেশ নাম ও আলাদা গ্রাম হিসেবে একে স্বীকৃতি দেয়। সরকার যদি সুযোগ-সুবিধা বাড়ায় এবং গ্রামটির উন্নয়ন ঘটায়, তবে এটি আরও বেশি পর্যটক টানতে পারবে বলে মনে করেন বাইরে থেকে এখানে ঘুরতে আসা পর্যটকেরা। এখানকার সৌন্দর্যও তাদের আকৃষ্ট করে।

গ্রামটির জনসংখ্যা ধীরে ধীরে বাড়ছে। আগে অল্প কিছু ঘর থাকলেও এখন মোটামুটি ৫০-৬০টি ঘর আছে। এমনিতে এখানকার বাসিন্দারা কৃষি ও মাছ শিকার করে জীবন ধারণ করলেও সম্প্রতি পর্যটনের দিকেও ঝুঁকছে।

হ্রদে শিকারা বা কাঠের নৌকা নামানো একজন স্থানীয় বাসিন্দা জানান, গ্রাম ও প্রাকৃতিক সৌন্দর্য নিয়ে তারা গর্বিত। তাদের লক্ষ্য কাশ্মীরে আসা পর্যটকদের কাছে গ্রামটিকে ‘অবশ্যই ভ্রমণ করা উচিত’ এমন গন্তব্যে পরিণত করা। সম্প্রতি উলার হ্রদের চারপাশে দক্ষিণী একটি ছবির শুটিং হয়েছে। এটির পরিচালক অদিত্য সুহাস। 

এদিকে বান্দিপোরার ডেপুটি কমিশনার ড. অওয়াইস আহমেদ কাশ্মীরের এই গ্রাম সম্পর্কে বার্তা সংস্থা এএনআইকে বলেন, ‘পর্যটন মানেই কেবল জনপ্রিয় সব গন্তব্য নয়, এটি একই সঙ্গে তুলনামূলক অচেনা জায়গাগুলোয় ভ্রমণ ও স্থানীয় সংস্কৃতি সম্পর্কে জানা। পর্যটকদের আবিষ্কারের প্রতীক্ষায় থাকা একটি রত্ন হলো বান্দিপোরার বাংলাদেশ নামের গ্রামটি।’

তিনি আরও বলেন, ‘পর্যটকদের জন্য হোম স্টেসহ বিভিন্ন সুযোগ-সুবিধার ব্যবস্থা করে এবং স্থানীয় সংস্কৃতিকে যেন তারা জানতে পারেন, সেটা নিশ্চিত করে এখানকার পর্যটনের উন্নয়নে আমরা প্রতিজ্ঞাবদ্ধ। আশ্চর্য সুন্দর এই গ্রামের ঐতিহ্য ও রীতি পর্যটকদের সামনে তুলে ধরতে কিছু উৎসব আয়োজনের পরিকল্পনা আছে আমাদের।’

আরও পড়ুন