ঢাকা মেডিকেল কলেজের মেডিসিন বিভাগের সাবেক অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকীকে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদে নিয়োগ দেওয়া হয়েছে। সোমবার রাষ্ট্রপতির আদেশক্রমে সিনিয়র সহকারী সচিব সঞ্জীব দাশ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে আনুষ্ঠানিকভাবে এই তথ্য জানানো হয়।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, রাষ্ট্রপতি ও আচার্যের অনুমোদনক্রমে ‘বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় আইন, ১৯৯৮ (২০২৫ সনের ১২ নং অধ্যাদেশ বলে সংশোধিত)’-এর ১২ ধারা অনুযায়ী তাকে উপাচার্য হিসেবে নিয়োগ প্রদান করা হয়েছে। উপাচার্য হিসেবে তার নিযুক্তির মেয়াদ যোগদানের তারিখ থেকে চার বছর পর্যন্ত বলবৎ থাকবে। এই সময়ে তিনি বিধি মোতাবেক বেতন-ভাতাদিসহ উপাচার্যের পদ সংশ্লিষ্ট অন্যান্য সকল সুবিধা ভোগ করবেন।
এছাড়া প্রজ্ঞাপনে আরও উল্লেখ করা হয় যে, নতুন উপাচার্য উক্ত আইনের ১৪ ধারা অনুযায়ী তার ওপর অর্পিত দায়িত্বাবলী পালন করবেন। জনস্বার্থে জারি করা এই আদেশে স্পষ্ট করা হয়েছে, রাষ্ট্রপতি ও আচার্য প্রয়োজন মনে করলে যেকোনো সময় এই নিয়োগ আদেশ বাতিল করতে পারবেন।
ডিবিসি/আরএসএল