বাংলাদেশ, জাতীয়

বাংলাদেশ রেলওয়েকে ২০টি অত্যাধুনিক এলএইচবি কোচ হস্তান্তর করছে ভারত

ডেস্ক রিপোর্ট

ডিবিসি নিউজ

২ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

বাংলাদেশ রেলওয়ের জন্য তৈরি ২০টি ব্রড-গেজ এলএইচবি (LHB) যাত্রীবাহী কোচের প্রথম চালান আজ, ১২ আগস্ট হস্তান্তর করতে যাচ্ছে ভারতীয় রেল। পাঞ্জাবের কপুরথালার রেল কোচ ফ্যাক্টরিতে (RCF) অত্যাধুনিক এই কোচগুলো তৈরি করা হয়েছে।

প্রথম চালানের এই রেকটিতে থাকছে ৩টি এসি স্লিপার , ৩টি এসি চেয়ার, ১২টি নন-এসি চেয়ার এবং ২টি পাওয়ার কার। ভারতের রেলওয়ে মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, আন্তর্জাতিক গ্রাহকদের নির্দিষ্ট চাহিদা মেটাতে এই কোচগুলোতে প্রথমবারের মতো বেশ কিছু অনন্য ও কাস্টমাইজড ডিজাইন যুক্ত করা হয়েছে, যা আরসিএফ-এর নির্মাণ ও প্রকৌশলগত সক্ষমতার প্রমাণ দেয়।

 

এর আগে ২০১৫-১৬ সালেও আরসিএফ বাংলাদেশ রেলওয়েকে ১২০টি এলএইচবি ব্রড-গেজ কোচ সফলভাবে সরবরাহ করেছিল। সেই সফল অংশীদারিত্বের ওপর ভিত্তি করেই ২০২৪ সালে রাইটস (RITES)-এর মাধ্যমে ৭টি ভিন্ন ভ্যারিয়েন্টের মোট ২০০টি ব্রড-গেজ কোচের জন্য নতুন করে অর্ডার দেয় বাংলাদেশ।

 

প্রথম রেকের এই হস্তান্তর ভারত ও বাংলাদেশের মধ্যে রেলওয়ে সহযোগিতা আরও জোরদার করবে বলে আশা করা হচ্ছে। একইসঙ্গে এটি আধুনিক কোচ নকশা ও নির্মাণে ভারতের ক্রমবর্ধমান সক্ষমতা এবং আন্তর্জাতিক বাজারে তাদের সম্ভাবনার নতুন দ্বার উন্মোচন করছে।
 

সূত্র: দ্য নিউ ইন্ডিয়ান এক্সপ্রেস

আরও পড়ুন