বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউটের বোর্ড রুমে দেশে স্পাইনাল মাসকুলার অ্যাট্রোফি (এসএমএ) এবং হিমোফিলিয়া রোগের বর্তমান পরিস্থিতি ও করণীয় শীর্ষক এক গোলটেবিল আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানের পরিচালনা বোর্ডের সভাপতি অধ্যাপক ড. এ কে এম আজিজুল হক। সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্য সেবা বিভাগের অতিরিক্ত সচিব (বাজেট) এস এম হুমায়ন কবির সরকার এবং হাসপাতালের পরিচালক অধ্যাপক ড. মো: মাহাবুবুল হক।
আলোচনা সভায় বিশেষজ্ঞ প্যানেলে আরও উপস্থিত ছিলেন পরিচালনা বোর্ডের সদস্য অধ্যাপক ড. আবিদ হোসেন মোল্লা এবং একাডেমিক কো-অর্ডিনেটর অধ্যাপক ডা. এম মনির হোসেন। বক্তারা বিরল এই রোগ দুটির চিকিৎসা ব্যয় ও ব্যবস্থাপনা নিয়ে আলোকপাত করেন। নীতিনির্ধারক ও চিকিৎসকরা দেশে এই জটিল ব্যাধিগুলোর আধুনিক চিকিৎসা সেবা নিশ্চিত করতে সরকারি ও প্রাতিষ্ঠানিক সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন।
সভায় উপস্থিত এসএমএ এবং হিমোফিলিয়া আক্রান্ত রোগী ও চিকিৎসকরা বর্তমান বাস্তবতায় তাদের নানাবিধ সমস্যার কথা তুলে ধরেন। রোগীরা সময়মতো উন্নত চিকিৎসা ও ওষুধ প্রাপ্তির সীমাবদ্ধতার কথা জানালে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তা নিরসনে কার্যকর পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন। বিশেষজ্ঞ চিকিৎসকরা এই রোগ প্রতিরোধে সচেতনতা এবং দীর্ঘমেয়াদী পরিকল্পনা গ্রহণের প্রয়োজনীয়তা উল্লেখ করে আলোচনা সমাপ্ত করেন।
ডিবিসি/টিবিএ