বাংলাদেশ, রাজধানী, শিক্ষা

বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে একাধিক নির্দেশনা জারি ঢাবির

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

ডিবিসি নিউজ

মঙ্গলবার ৩১শে মার্চ ২০২৬ ০৬:০৪:১৯ অপরাহ্ন
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

আসন্ন বাংলা নববর্ষ-১৪৩৩ উৎসবমুখর, নিরাপদ ও সুশৃঙ্খলভাবে উদযাপনের লক্ষ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে বেশ কিছু নির্দেশনা জারি করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

মঙ্গলবার (৩১ মার্চ) বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত এক সভায় সার্বিক প্রস্তুতি ও নিরাপত্তা ব্যবস্থা নিয়ে আলোচনার পর এসব সিদ্ধান্ত চূড়ান্ত করা হয়।

 

সভায় প্রো-ভাইস চ্যান্সেলর, বিভিন্ন অনুষদের ডিন, হল প্রাধ্যক্ষ ও বিভাগীয় চেয়ারম্যানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এ বছর নববর্ষ উদযাপনের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে ‘নববর্ষের ঐকতান, গণতন্ত্রের পুনরুত্থান’। কর্তৃপক্ষ জানিয়েছে, পহেলা বৈশাখে ক্যাম্পাসে কোনো ধরনের মুখোশ পরা বা ব্যাগ বহন করা যাবে না। তবে চারুকলা অনুষদের তৈরি মুখোশ হাতে নিয়ে প্রদর্শন করা যাবে। এছাড়া ক্যাম্পাসে ভুভুজিলা বাঁশি বাজানো ও বিক্রি করা থেকে বিরত থাকতে বলা হয়েছে। নববর্ষের সকল অনুষ্ঠান বিকেল ৫টার মধ্যে শেষ করতে হবে এবং এদিন বিকেল ৫টার পর ক্যাম্পাসে দর্শনার্থীদের প্রবেশ সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে, তবে ওই সময়ের পর শুধু বের হওয়া যাবে।

 

নিরাপত্তার স্বার্থে যানবাহন চলাচলের ক্ষেত্রেও নেওয়া হয়েছে কড়াকড়ি। নির্দেশনায় বলা হয়েছে, নববর্ষের আগের দিন ১৩ এপ্রিল সন্ধ্যা ৭টার পর বিশ্ববিদ্যালয়ের স্টিকারযুক্ত গাড়ি ছাড়া বাইরের অন্য কোনো যানবাহন ক্যাম্পাসে প্রবেশ করতে পারবে না। পহেলা বৈশাখের দিন ক্যাম্পাসে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ থাকবে এবং মোটরসাইকেল চালানো সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে। তবে ক্যাম্পাসের আবাসিক বাসিন্দারা নিজস্ব গাড়ি নিয়ে যাতায়াতের ক্ষেত্রে নির্দিষ্ট দুটি গেইট ব্যবহার করতে পারবেন।

 

পহেলা বৈশাখের অন্যতম আকর্ষণ আনন্দ শোভাযাত্রা সকাল ৯টায় চারুকলা অনুষদ থেকে শুরু হবে। এটি রাজু ভাস্কর্য, দোয়েল চত্বর ও বাংলা একাডেমি প্রদক্ষিণ করে পুনরায় চারুকলায় এসে শেষ হবে। আগত দর্শনার্থীদের সহায়তায় এদিন ছাত্র-শিক্ষক কেন্দ্রের (টিএসসি) সামনে হেল্প ডেস্ক, কন্ট্রোল রুম ও অস্থায়ী মেডিকেল ক্যাম্প স্থাপন করা হবে। 

 

পাশাপাশি ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ স্থানগুলোতে মোবাইল পাবলিক টয়লেটের ব্যবস্থাও রাখা হচ্ছে। সার্বিক নিরাপত্তা নিশ্চিতে পুরো ক্যাম্পাসে পর্যাপ্ত সিসি ক্যামেরা ও আর্চওয়ে স্থাপনের মাধ্যমে সার্বক্ষণিক মনিটরিংয়ের ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে প্রশাসন। সুষ্ঠুভাবে উৎসব পালনে সংশ্লিষ্ট সবাইকে এসব নির্দেশনা যথাযথভাবে মেনে চলার আহ্বান জানানো হয়েছে।

 

ডিবিসি/এএমটি

আরও পড়ুন