ইরাকের রাজধানী বাগদাদে অবস্থিত মার্কিন দূতাবাসে হামলার খবর পাওয়া গেছে। আল জাজিরা আরবি-এর সংবাদদাতার বরাত দিয়ে জানা যায়, হামলার পর দূতাবাস প্রাঙ্গণ থেকে ধোঁয়া উড়তে দেখা গেছে। একই সঙ্গে সেখানে বিমান হামলার সতর্কতামূলক সাইরেনও বাজতে শোনা যায়।
বিশ্বের অন্যতম বৃহৎ এই মার্কিন কূটনৈতিক স্থাপনাটি এর আগেও একাধিকবার ইরান-সমর্থিত মিলিশিয়াদের রকেট ও ড্রোন হামলার লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে।
সর্বশেষ এই হামলার বিষয়ে বাগদাদে অবস্থিত মার্কিন দূতাবাসের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য পাওয়া যায়নি। তবে গত শুক্রবারই দূতাবাসটি ইরাকে অবস্থানরত মার্কিন নাগরিকদের জন্য তাদের লেভেল-৪ (সর্বোচ্চ) নিরাপত্তা সতর্কতা নতুন করে জারি করেছিল।
ওই সতর্কবার্তায় বলা হয়, ইরান ও ইরানপন্থী মিলিশিয়া গোষ্ঠীগুলো এর আগেও মার্কিন নাগরিক, যুক্তরাষ্ট্রের স্বার্থসংশ্লিষ্ট বিষয় ও অবকাঠামোর ওপর হামলা চালিয়েছে এবং ভবিষ্যতেও তারা এগুলোকে "লক্ষ্যবস্তুতে পরিণত করতে পারে।"
ডিবিসি/কেএলডি