জেলার সংবাদ

বাগেরহাটে কুমিরের মুখে কুকুর, ভাইরাল ভিডিও ঘিরে তদন্ত শুরু

বাগেরহাট প্রতিনিধি

ডিবিসি নিউজ

১ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

বাগেরহাটের হযরত খান জাহান আলীর (রহ.) মাজারের দিঘির ঘাটে একটি কুকুরকে কুমির টেনে নিয়ে যাওয়ার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। ঘটনাটি নিয়ে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হলে বিষয়টি খতিয়ে দেখতে তদন্ত কমিটি গঠন করেছে প্রশাসন।

ভাইরাল হওয়া ওই ভিডিওতে দেখা যায়, দিঘির ঘাটের সিঁড়িতে থাকা একটি কুকুরের কাছে এসে কুমিরটি তাকে কামড়ে ধরে পানিতে ডুব দেয়। এ সময় আশপাশে থাকা দর্শনার্থীরা দূর থেকে ঘটনাটি দেখলেও কেউ এগিয়ে যাননি।

 

তবে মাজারসংলগ্ন স্থানীয় বাসিন্দাদের দাবি, কুকুরটি কয়েকদিন ধরে আক্রমণাত্মক আচরণ করছিল এবং এলাকার মানুষকে তাড়া করত। কারও ধাওয়া খেয়ে কুকুরটি দিঘির সিঁড়িতে চলে গেলে একই সময়ে কুমিরটি সেখানে এসে পড়ে। কেউ কুকুরটিকে ইচ্ছাকৃতভাবে কুমিরের সামনে দেয়নি বলে জানিয়েছেন তারা।

 

মাজারের প্রধান খাদেম ফকির তারিকুল ইসলাম জানান, কুকুরটি কয়েকদিন ধরেই মানুষকে আক্রমণ করছিল। সামাজিক যোগাযোগ মাধ্যমে এই ঘটনা নিয়ে ছড়ানো অনেক তথ্যই সঠিক নয় বলে তিনি দাবি করেন।

 

এ বিষয়ে বাগেরহাট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আতিয়া খাতুন বলেন, বিষয়টি তদন্তে জেলা প্রশাসনের পক্ষ থেকে তিন সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। তদন্ত শেষে প্রকৃত ঘটনা জানা যাবে।

 

ডিবিসি/আরএসএল

আরও পড়ুন