বাংলাদেশ, জেলার সংবাদ

বাগেরহাটে টাকা দেওয়ার কথা বলে বাড়িতে ডেকে পাওনাদারের গায়ে আগুন!

গোপালগঞ্জ প্রতিনিধি

ডিবিসি নিউজ

মঙ্গলবার ১২ই মে ২০২৬ ০৮:৪৫:০৭ অপরাহ্ন
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

বাগেরহাটের মোল্লাহাট থানার শাশন গ্রামে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে দ্বীন ইসলাম মোল্লা (৪০) নামের এক ব্যক্তির গায়ে পেট্রোল ঢেলে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে। অগ্নিদগ্ধ ওই ব্যক্তি বর্তমানে গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তিনি ওই গ্রামের মকবুল মোল্লার ছেলে। এই ঘটনায় ভুক্তভোগীর আপন ভাই, ভাবি, ভাতিজা ও ভাতিজির বিরুদ্ধে গায়ে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে।

হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় দ্বীন ইসলাম মোল্লা জানান, গত ৯ মে দুপুরে তিনি তার ভাতিজা সুমন মোল্লার কাছে পাওনা দেড় লাখ টাকা চাইলে তাকে বাড়িতে যেতে বলা হয়। তিনি সেখানে গেলে সুমনের নেতৃত্বে তার মা হেনা, বোন সানজিদা এবং বাবা পান্না মোল্লা তাকে ঘরের ভেতরে ডেকে নিয়ে গামছা দিয়ে হাত বেঁধে মারধর করেন। একপর্যায়ে তার গায়ে জ্বালানি তেল ঢেলে আগুন ধরিয়ে দেওয়া হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।

 

গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের দায়িত্বপ্রাপ্ত চিকিৎসক নূরুল ওয়াদী জানান, দ্বীন ইসলাম মোল্লা ৯ মে বিকেলে হাসপাতালে ভর্তি হন। আগুনে তার শরীরের প্রায় ১০ শতাংশ দগ্ধ হয়েছে এবং বর্তমানে তিনি চিকিৎসাধীন রয়েছেন।

 

জানা গেছে, এ ঘটনায় একটি মামলার প্রস্তুতি চলছে। অন্যদিকে, ঘটনার বিষয়ে জানতে অভিযুক্ত সুমনের সঙ্গে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তার নম্বরটি বন্ধ পাওয়া যায়।

 

ডিবিসি/আরএসএল

আরও পড়ুন