বাগেরহাটের চিতলমারী উপজেলায় ধানের জমিতে কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রবিন বাড়ৈ (৩৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। সোমবার (১৩ এপ্রিল) সন্ধ্যায় উপজেলার বাবুয়ানা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত রবিন বাড়ৈ জেলার কচুয়া উপজেলার পশ্চিম বিশারখোলা গ্রামের গৌর বাড়ৈর ছেলে। তিনি চিতলমারীতে অন্যের জমিতে বর্গা চাষ ও শ্রমিকের কাজ করতেন।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, সোমবার সন্ধ্যায় বাবুয়ানা এলাকায় নিজের ধানের জমিতে কাজ করছিলেন রবিন। এ সময় অসাবধানতাবশত প্রতিবেশী অনিমেষ বাড়ৈর জমিতে থাকা বৈদ্যুতিক তারে জড়িয়ে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা বিষয়টি টের পেয়ে তাকে উদ্ধার করতে এগিয়ে আসলেও তার আগেই ঘটনাস্থলে তার মৃত্যু হয়।
এ বিষয়ে কচুয়া উপজেলার গজালিয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) মো. জাহাঙ্গীর ইসলাম জানান, নিহতের বাড়ি কচুয়া উপজেলার পশ্চিম বিশারখোলা এলাকায় হলেও তিনি চিতলমারীতে ধানের জমিতে কাজ করতে গিয়েছিলেন। সেখানে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তার মৃত্যু হয়েছে বলে খবর পাওয়া গেছে।
ডিবিসি/ এসএফএল